নাজমুল
আমরা খুব ভাগ্যবান যে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলব

সংবাদ সম্মেলনে কথা বলছেন নাজমুল হোসেন শান্ত। ছবি: মোশারফ হোসেন ভুবন
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১৩ আগস্ট থেকে ডারউইনে শুরু হবে প্রথম টেস্ট এবং ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্ট চলবে ২২ আগস্ট থেকে। দুই দলই স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। চলছে জোরদার প্রস্তুতি। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসে অস্ট্রেলিয়া সফর নিয়ে নিজের অনুভূতির কথা শোনালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
২০০৩ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ায় টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজে দুটিতেই ইনিংস ব্যবধানে হেরেছিল খালেদ মাহমুদের দল। তারপর এই প্রথম এবং সব মিলিয়ে দ্বিতীয়বারের মতো টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। আসন্ন সিরিজ নিয়ে শান্ত বললেন, ‘আমরা খুবই লাকি যে অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে পারছি। আমরা যদি এই ২টা ম্যাচে ভালো করতে পারি, তাহলে সামনে তারা আমাদের আরও বেশি আমন্ত্রণ জানাবে।’
অস্ট্রেলিয়ার এই আসন্ন সফরে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন পেস তারকা নাহিদ রানা। সিমিং কন্ডিশনে এই গতিতারকার বোলিং দেখতে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও পর্যন্ত মুখিয়ে ছিলেন। কিন্তু জিম্বাবুয়ে সফরে গিয়ে তিনি পাঁজরের বাঁ পাশে চোটে আক্রান্ত হন, যা তাকে লম্বা সময়ের জন্য ছিটকে দিয়েছে। দলের আরেক তরুণ গতিতারকা শরীফুল ইসলামও চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না।
পেস বোলিংয়ের স্বর্গে দলের সেরা পেসারদের হারিয়ে হতাশ অধিনায়ক নাজমুল শুনিয়েছেন আশার বাণীও, ‘নাহিদ রানার বিষয়টা দুঃখজনক। সে থাকলে অবশ্যই ভালো হতো। কিন্তু ইনজুরির উপর কারও হাত নাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াডে যে পেসাররা আছে সবাই ক্যাপাবল। মুশফিক (হাসান) ছাড়া সবার অভিজ্ঞতা আছে। আশা করি তারা ২০ উইকেট এনে দিতে পারবে।’








