বাংলাদেশকে হেসেখেলে হারাল অস্ট্রেলিয়া

সংগৃহীত ছবি
প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ নারী দল। স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দাঁড়াতেই পারেনি নিগার সুলতানা জ্যোতিরা। ব্রিসবেনে বাংলাদেশের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য ৭ উইকেট ও ২৪ ওভার ২ বল ওভার বাকি থাকতেই টপকে গেছে স্বাগতিকরা।
ব্রিসবেনে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। দুই ওপেনারকে শুরুতেই হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তৃতীয় উইকেটে শারমিন আক্তার ও নিগারের জুটি কিছুটা স্বস্তি ফেরায়।
শারমিন ফেরেন ২৪ রান করে। অধিনায়ক নিগার করেছেন ২৯ রান। বাংলাদেশ দল ১৫০ পেরিয়েছে রিতু মনির সুবাদে। ৫ চারে সাজানো ৬৩ বলে ৪৫ রানের এই ইনিংসই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ।
রিতুর সঙ্গে স্বর্ণা করেছেন ২১ রান। শেষের দিকে নাহিদার ১৯ রানের সুবাদে ৪৯.৪ ওভারে ১৬৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
অজিদের হয়ে ৩০ রানে ৪ উইকেট নিয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড। ১৯ রানে দুই উইকেট নিয়েছেন স্কাট।
অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে কখনোই বিপাকে পড়েনি স্বাগতিকরা। ফিবি লিচফিল্ডের ৫৭ বলে ৭৭ রানের দারুণ এক ইনিংসে জয়ের ভিত গড়ে অজিরা। ১০ চার ও এক ছয়ে এই ইনিংস খেলে রাবেয়ার বলে আউট হয়ে ফেরেন তিনি।
শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় অজিরা। অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন এলিসা পেরি ও সাদারল্যান্ড। পেরি করেছেন ২৬, সাদারল্যান্ডের রান ২৫।
১১ অক্টোবর ব্রিসবেনেই হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।



