ফিলিপসরে রেকর্ডের ম্যাচে ভারতকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

৫০ বলে ১১ চার ও ৫ ছক্কায় ৯৩ রানে আউট হন নিউজিল্যান্ডের ওপেনার সাইফার্ট। ছবি : সংগৃহীত
নিউজিল্যান্ড সিরিজ হারিয়েছিল আগেই। তবু নিজেদের মাঠে শেষটা ভালো করতে চেয়েছিল তারা। টানা দুই জয়ে মিচেল স্যান্টনারের দল করল সেটাই। আজ হ্যামিল্টনে পাঁচ ম্যাচ সিরিজের শেষটিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে তারা। ভারতের ৮ উইকেটে ১৯১ রানের চ্যালেঞ্জ নিউজিল্যান্ড পেরিয়ে যায় ২ ওভার হাতে রেখে।
প্রথম তিন টি-টোয়েন্টিতে রান তাড়া করে জেতে ভারত। চতুর্থ টি-টোয়েন্টিতে কিউইরা ৮৭ রানের দাপুটে জয়ে সিরিজ প্রথম জয় পায়। আজ হ্যামিল্টনে ৭ উইকেটে জিতে সিরিজ ৩-২’এ শেষ করল তারা।
রান তাড়ায় ৬৫ রানে অপরাজিত ছিলেন গ্লেন ফিলিপস। দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ৩৪১ রানের বিশ্বরেকর্ড গড়েন তাতে। ২০২৩ সালে আগের সর্বোচ্চ ৩৩১ রানের রেকর্ড ছিল ইংল্যান্ডের ফিল সল্টের।
ভারতের ১৯১ রানের জবাবে দ্বিতীয় উইকেটে ৪২ বলে ৭৩ রানের জুটি গড়েন ড্যারিল মিচেল ও টিম সাইফার্ট। নবম ওভারের তৃতীয় বলে মিচেলকে (২৯) ফিরিয়ে জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী।
এরপর তৃতীয় উইকেটে গ্লেন ফিলিপস-টিম সাইফার্টের ৪২ বলে ৮৬ রানের জুটিতে সহজ জয় নিশ্চিত হয় কিউইদের। ৫০ বলে ১১ চার ও ৫ ছক্কায় ৯৩ রানে আউট হন নিউজিল্যান্ডের ওপেনার সাইফার্ট। ১৬তম ওভারের তৃতীয় বলে সাইফার্টকে বোল্ড করেন নীতিশ কুমার রেড্ডি। ১৮ ওভারে ৩ উইকেটে ১৯৫ রান করে ফেলে কিউইরা।
সাইফার্ট অবশ্য ১৩ রানে জীবন পেয়ে করেন ৯৩ রান। ফিলিপস ২৩ ও ৩১ রানে দুইবার জীবন পেয়ে খেলেন ৩৮ বলে ৬৫ রানের ইনিংস।
এর আগে ভারত ২০ ওভারে ৮ উইকেটে করে ১৯১ রান। সর্বোচ্চ ৬১ রান করেন ঈশান কিষাণ। অ্যাডাম মিলনে ৪ ওভারে ১৯ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।



