ডি-থ্রি ট্রফি
তারকায় ঠাসা দল গড়ল ওয়ালটন

সংগৃহীত ছবি
জাতীয় দলের তারকা ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন আয়োজন ডি-থ্রি ট্রফির জন্য শক্তিশালী স্কোয়াড গড়েছে ওয়ালটন। আইকন ক্রিকেটার মেহেদি হাসান মিরাজের সঙ্গে দলটিতে রয়েছেন লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মুমিনুল হক ও নাসুম আহমেদের মতো জাতীয় দলের পরিচিত মুখ।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত খেলোয়াড় নিলামে ক্রিকেটারদের দলে ভেড়ায় ছয় ফ্র্যাঞ্চাইজি। সকাল ১০টায় শুরু হওয়া আট ঘণ্টার নিলামে তোলা হয় ২৬৯ জন ক্রিকেটারকে। প্রতিটি দল আগে থেকে নির্ধারিত আইকন ক্রিকেটারের বাইরে নিলাম থেকে আরও ২২ জনকে বেছে নেয়।
নিলামে তাসকিন আহমেদকে পেতে ২ কোটি ১০ লাখ পয়েন্ট খরচ করেছে ওয়ালটন। লিটন কুমার দাসকে ১ কোটি ৫৫ লাখ এবং মুমিনুল হককে ৮০ লাখ পয়েন্টে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এ ছাড়া নাসুম আহমেদকে ৬৯ লাখ, আরিফুল ইসলামকে ৬২ লাখ, ইকবাল হাসান ইমনকে ৬৬ লাখ এবং সামিউন বাসির রাতুলকে ৫৪ লাখ পয়েন্টে দলে ভিড়িয়েছে তারা।
অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া দলটির কোচ জাতীয় দলের সাবেক স্পিনার আবদুর রাজ্জাক। নিলামে ওয়ালটনের প্রতিনিধি হিসেবে ছিলেন চিত্রনায়ক আমিন খান।
তিন সংস্করণে আয়োজিত ডি-থ্রি ট্রফিতে টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা করবে দলগুলো। ওয়ালটনের স্কোয়াডে অভিজ্ঞ ব্যাটার, গতিময় পেসার ও কার্যকর স্পিনারের সমন্বয় থাকায় প্রতিযোগিতায় ভালো করার প্রত্যাশা দলটির। তবে এখনো অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি।
মিরাজের অলরাউন্ড নৈপুণ্য, লিটনের ব্যাটিং এবং তাসকিনের পেস আক্রমণকে কাজে লাগিয়ে প্রতিযোগিতায় নিজেদের শক্তিমত্তা দেখাতে চায় ওয়ালটন। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া স্কোয়াড নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির মূল লক্ষ্য শিরোপা জয়।
ডি-থ্রি ট্রফিতে ওয়ালটনের পূর্ণাঙ্গ স্কোয়াড:
মেহেদি হাসান মিরাজ (আইকন), মুমিনুল হক সৌরভ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম, রনি তালুকদার, মো. ইকবাল হাসান ইমন, নাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, রেজাউর রহমান রাজা, জিয়াউর রহমান, নাঈম আহমেদ, হাবিবুর রহমান সোহান, সামিউন বাসির রাতুল, চৌধুরী মো. রিজওয়ান, এস এম মেহেরব হাসান, ইমরানউজ্জামান, আসাদুজ্জামান পায়েল, রবিউল হাসান অনিক, রবিউল ইসলাম রবি ও রাকিব হাওলাদার।



