জাতীয় ক্রিকেট লিগ
সাদিকুরের সেঞ্চুরিতে চট্টগ্রামের নাটকীয় জয়

সংগৃহীত ছবি
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের শেষ দিনে রোমাঞ্চ ছড়িয়েছে চট্টগ্রাম-সিলেট ম্যাচ। সাদিকুর রহমানের সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ১ উইকেটের নাটকীয় জয় পেয়েছে চট্টগ্রাম। রাজশাহীর বিপক্ষে দাপুটে বোলিংয়ে জয় তুলে নিয়েছে রংপুরও। অন্যদিকে ময়মনসিংহকে হারিয়ে সহজ জয় পেয়েছে খুলনা। মাত্র দুই দিন খেলা হওয়া ঢাকা-বরিশাল ম্যাচটি শেষ হয়েছে ড্রয়ে।
শেষদিনে সিলেটের বিপক্ষে জয়ের জন্য চট্টগ্রামের দরকার ছিল ১০১ রান। হাতে ছিলো ৯ উইকেট। পরিসংখ্যান দেখে মনে হচ্ছিল বেশ সহজেই লক্ষ্যে পৌঁছে যাবে স্বাগতিকরা। তবে হাল ছাড়েননি সিলেটের বোলাররা। দিনের শুরু থেকেই চট্টগ্রামের ব্যাটারদের চাপে রাখে তারা। ইয়াসির আলী চৌধুরী ঝোড়ো ৩০ রানের ইনিংস খেলে বিদায় নিলে ২৩ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় চট্টগ্রাম।
তবে শেষ দিনে নজর কেড়েছেন ওপেনার সাদিকুর রহমান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও একপ্রান্ত আগলে রাখেন তিনি। ২০৮ বলে পূর্ণ করেছেন সেঞ্চুরি। তিনি আউট হওয়ার পর দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আশরাফুল হাসান ও সঞ্জিত মজুমদার। ১ উইকেটের নাটকীয় জয় পায় চট্টগ্রাম।
তৃতীয় দিন খুলনার বিপক্ষে লড়াই করেও হার এড়াতে পারেনি ময়মনসিংহ। তাদের ১৪০ রানের দেওয়া লক্ষ্য ৮ উইকেট হাতে রেখেই পূরণ করে স্বাগতিকরা। মোহাম্মদ আল আমিন জুনিয়র তার ইনিংস আর বড় করতে পারেননি। খুলনার এনামুল হক বিজয় ৮০ রানে অপরাজিত থাকেন।
বগুড়ায় রাজশাহী-রংপুর ম্যাচের তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ১১০ রান তুলে শক্ত অবস্থানে ছিল রাজশাহী। কিন্তু শেষদিনে মাত্র ১৮৪ রানেই গুটিয়ে যায় তারা। বোলারদের দাপুটে বোলিংয়ের সুবাদে মাত্র ১৬০ রানের টার্গেট পায় রংপুর। জবাবে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে তারা। মিম মোসাদ্দেক করেন সর্বোচ্চ ৬১ রান।
রাজশাহীতে দ্বিতীয় ইনিংস ব্যাটিং করার সুযোগ পায়নি দুদলই। প্রথম দুইদিন খেলা না হওয়ায় ড্র-ই ছিল ম্যাচটির চূড়ান্ত পরিণতি। প্রথম ইনিংসে ৩১৫ রানে অলআউট হয় বরিশাল। ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করেন মোহাম্মদ আব্দুল্লাহ। ১ রানের আক্ষেপ থেকে যাবে ঢাকার আশিকুর রহমান শিবলিরও। তার ৯৯ রানের উপর ভর করে ৫ উইকেটে ২৫১ রান সংগ্রহ করে ঢাকা। নাঈম শেখ করেন ৫১ রান ও আনিসুল ইসলাম করেন ৫০ রান।



