জাতীয় দল নিয়েও পারল না বাংলাদেশের মেয়েরা

আইসিসি ওমেনস ইমার্জিং নেশন্স ট্রফিতে উঠতি ক্রিকেটারদের নিয়ে সাজানো দল পাঠানোর কথা। কিন্তু বাংলাদেশ দল পুরো শক্তির দলই পাঠিয়েছে। তবুও পাকিস্তানের বিপক্ষে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জিততে পারেনি।
টি-টোয়েন্টি ফরম্যাটের এই আসরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১০৮ রান তুলেছে বাংলাদেশ। জবাবে ২ উইকেট হারিয়ে ১১২ রান করে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। বি গ্রুপের বাকি দলগুলো নেদারল্যান্ডস, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে। গ্রুপে একমাত্র পাকিস্তানই ছিল শক্তিশালি দল। তাদের বিপক্ষে হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশ নারী দলের হয়ে নিগার সুলতানা ২০ বলে ২৭ ও স্বর্ণা আক্তার ২০ বলে ২১ রান করেন। বাকি ব্যাটাররা সবাই ছিলেন ব্যর্থ। জাতীয় দলে খেলা দিলারা আক্তার, শারমিন সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনিরা সবাই দু’অঙ্কের ঘরে রান তুলতে ব্যর্থ হন। পাকিস্তানের টপঅর্ডার ব্যাটাররাই দলকে ম্যাচ জেতান। সাদাফ শামস ৩৭, মুনিবা আলি ৩১, ও আয়েশা জাফর ২৭ রান করেন।



