জানুয়ারির শুরুতে হতে পারে বাংলাদেশ-ভারত সিরিজ

ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের আলোচনা অনেকটাই এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে বহুল প্রতীক্ষিত এই সিরিজ। দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সফর শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
গত ২৮ অক্টোবর বিসিবির ওয়ার্কিং কমিটির সভায় বোর্ড সভাপতি তামিম ইকবাল ভারত সফর নিয়ে আলোচনার অগ্রগতি পরিচালকদের জানান। এর আগে আইসিসি ও এসিসির সভায় অংশ নিতে গিয়ে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনাও করেছেন তিনি।
সর্বশেষ এক ভার্চুয়াল বৈঠকে জানুয়ারির শুরুতে সিরিজ আয়োজনের বিষয়ে দুই বোর্ডের কর্মকর্তারা নীতিগতভাবে একমত হয়েছেন বলে জানা গেছে। ভারতের জানুয়ারির ব্যস্ত আন্তর্জাতিক সূচির কথা বিবেচনায় রেখেই মাসের শুরুতে সফরটি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।
তবে শুধু দুই ক্রিকেট বোর্ডের সম্মতিই যথেষ্ট নয়। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ভারতীয় দলের বাংলাদেশ সফরের জন্য দুই দেশের সরকারেরও সবুজ সংকেত প্রয়োজন হতে পারে। বোর্ড পর্যায়ের আলোচনায় বিষয়টি সরাসরি না এলেও উভয় পক্ষই এর গুরুত্ব সম্পর্কে অবগত।
ভারত সিরিজের সম্ভাব্য সূচি মাথায় রেখেই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সূচিতেও পরিবর্তন আনা হচ্ছে। ‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টের ফাইনাল ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন বিসিবি সভাপতি। ১ জানুয়ারি থেকে ভারত সিরিজ ছাড়া অন্য কোনো বড় ক্রিকেটীয় ব্যস্ততা না রাখার বিষয়েও জোর দেওয়া হয়েছে।



