মেসি-রোনালদোকে পেছনে ফেললেন গিল!

সংগৃহীত ছবি
বিশ্বজুড়ে মেসি-রোনালদো জনপ্রিয়তা তার চেয়ে অনেক বেশি। এ তো অস্বীকারের উপায়ই নেই। কিন্তু সেই মেসি-রোনালদোকেই ছাড়িয়ে গেলেন ভারতের ক্রিকেটার শুভমান গিল। ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম স্পোর্টসপ্রোর ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে বিপণনযোগ্য ক্রীড়াবিদদের তালিকায় এই দুই তারকাকে পেছনে ফেলেছেন গিল!
ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক গিল এই তালিকার ১৩ নম্বরে জায়গা করে নিয়েছেন। তার ঠিক পরের অবস্থানে আছেন পর্তুগিজ তারকা রোনালদো। এমবাপ্পে আছেন ১৯তম স্থানে। খানিকটা পেছনে থেকে মেসি আছেন ২৭ নম্বরে।
বিশ্বের সবচেয়ে বিপণনযোগ্য ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। চারটি গ্র্যান্ড স্লামজয়ী এই ২৮ বছর বয়সী টেনিস তারকা ২০২৫ সাল শেষ করেছেন টানা দ্বিতীয়বারের মতো মেয়েদের টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে। সেই মৌসুমে কোর্টের আয় ও স্পনসরশিপ মিলিয়ে তাঁর আনুমানিক আয় ছিল তিন কোটি মার্কিন ডলার। নাইকি, উইলসন, গুচি, এমিরেটস, অডেমার পিগে, হুপ ও স্টেলা আর্তোয়ার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের সঙ্গে বাণিজ্যিক চুক্তি রয়েছে সাবালেঙ্কার। ২০১০ সালে শুরু হওয়া স্পোর্টসপ্রোর এই তালিকায় সাবালেঙ্কা চতুর্থ নারী এবং তৃতীয় টেনিস খেলোয়াড় হিসেবে শীর্ষস্থান পেলেন।
এবারের তালিকায় দ্বিতীয় হয়েছেন অলিম্পিকে ফ্রিস্টাইল স্কিইংয়ে সোনাজয়ী চীনের আইলিন গু। তৃতীয় বাস্কেটবল তারকা গ্রিসের ইয়ানিস আন্তেতোকুনম্পো। চতুর্থ ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ড। পঞ্চম স্পেনের টেনিস তারকা কার্লোস আলকারাজ।
কিন্তু কীভাবে তৈরি করা হয়েছে এই তালিকা? স্পোর্টসপ্রো ও নর্থস্টার সলিউশনস গ্রুপ যৌথভাবে তৈরি করেছে ১৭তম বার্ষিক এই তালিকা।
ক্রীড়াবিদদের বিপণনযোগ্যতা নির্ধারণে ১০০ নম্বরের একটি বিশেষ স্কোরিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এতে ব্র্যান্ড ইকুইটির জন্য বরাদ্দ ৪৫ নম্বর। তার বাণিজ্যিক জনপ্রিয়তা কত দ্রুত বাড়ছে, এই মোমেন্টামের জন্য ৪০ নম্বর। ১৫ নম্বর কমার্শিয়াল ট্র্যাজেক্টরির জন্য, যেখানে বিবেচনায় এসেছে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে আরও বড় হওয়ার সম্ভাবনা।
এই মূল্যায়নে ব্যবহার করা হয়েছে ২৭টি সূচক। প্রত্যেক ক্রীড়াবিদের শতাধিক তথ্যের পাশাপাশি বিশ্লেষণ করা হয়েছে তিন হাজারের বেশি ব্র্যান্ডের সঙ্গে বাণিজ্যিক চুক্তির তথ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী ও দর্শকের সংখ্যা, ইন্টারনেটে খোঁজার প্রবণতা, সংবাদমাধ্যমে ইতিবাচক বা নেতিবাচক আলোচনা এবং বাণিজ্যিক অংশীদারত্বও বিবেচনায় এসেছে।
২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত তথ্য নিয়ে ৭০টি খেলার ১২০২ জন ক্রীড়াবিদকে প্রাথমিকভাবে বিবেচনা করা হয়। তাদের মধ্যে ২৪৭ জনকে নিয়ে বিস্তারিত মূল্যায়নের পর চূড়ান্ত তালিকা তৈরি হয়েছে।



