এবার নেপাল মাতাবেন সাকিব

সংগৃহীত ছবি
নেপাল প্রিমিয়ার লিগ (এনপিএল)-এর তৃতীয় আসরে অংশ নিতে আজই নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছেছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তিনি পোখারা অ্যাভেঞ্জার্সের বিদেশি তারকা ও আইকন খেলোয়াড় হিসেবে মাঠ মাতাবেন।
টুর্নামেন্ট শুরুর ঠিক আগের দিন দলের সঙ্গে যোগ দিলেন সাবেক এই টাইগার অধিনায়ক। এর আগে বাংলাদেশ থেকে শেখ মেহেদি হাসান, আকবর আলি, মোহাম্মদ সাইফুদ্দিন ও শামিম হোসেনের মতো ক্রিকেটাররা নেপালে পৌঁছালেও, ক্রিকেট ভক্তদের মূল আকর্ষণ ছিল সাকিবকে ঘিরে। তার আগমনকে কেন্দ্র করে নেপালের স্থানীয় ক্রিকেট অঙ্গনে এবং পোখারা ফ্র্যাঞ্চাইজিতে ব্যাপক উদ্দীপনা।
পোখারা অ্যাভেঞ্জার্স কর্তৃপক্ষ আগেই নিশ্চিত করেছে যে, সাকিব আল হাসান মৌসুমের পুরো সময়ের জন্যই দলের সাথে থাকবেন। শ্রীলঙ্কান স্পিন কিংবদন্তি অজন্তা মেন্ডিসের কোচিংয়ে এবং সাকিবের অলরাউন্ড অভিজ্ঞতায় ভর করে এবার শিরোপার দিকে চোখ রাখছে পোখারা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ১৪ হাজারেরও বেশি রান এবং ৭০০-র বেশি উইকেটের বিশাল অভিজ্ঞতা নিয়ে নেপালি মাটিতে নিজের ক্যারিয়ারের নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন সাকিব।



