স্মিথ-লিটনের কথার লড়াই

সংগৃহীত ছবি
শুধু ব্যাট-বল নয়, অস্ট্রেলিয়ানরা কথার লড়াইয়েও মানসিকভাবে কাবু করতে চায় প্রতিপক্ষকে। ডারউইনেও সেটা হয়েছে। মিচেল স্টার্ক স্লেজিং করেছেন মেহেদী হাসান মিরাজকে। এবার স্টাম্প মাইকে ধরা পড়ল টেস্টের তৃতীয় দিন স্টিভেন স্মিথ ও লিটন দাসের কথার লড়াই।
সেই কথোপকথন নিয়ে ডেভিড ওয়ার্নার বলেছেন, ‘ স্মিথের সঙ্গে লিটন ওই ছোট্ট কথার লড়াইয়ে জড়িয়ে পড়ার পর পুরো ইনিংসে তারা আর চুপ থাকেননি। এটা অবিশ্বাস্য। নিজেদের ওপর বিশ্বাসটা ছিল তাদের।’
তাইজুল ইসলামের লেগ সাইড দিয়ে যাওয়া বলটি জমা পড়ে উইকেটরক্ষক লিটনের গ্লাভসে। তিনি আউটের আবেদন করলে সাড়া দেননি আম্পায়ার। বাংলাদেশ রিভিউ নেবে কি না, সেটি ভাবছিল। তখনই স্টাম্প মাইকে শোনা যায় স্মিথের কণ্ঠ, ‘নিয়ে নাও। যাও, রিভিউ নাও। ব্যবহার করো। আরেকটা রিভিউ নষ্ট করো। যা খুশি করো।’
বাংলাদেশ রিভিউ নেয়নি । তবে স্মিথকে তখন লিটন বলছিলেন, ‘তুমি ব্যাট করো। শুধু ব্যাট করো।’
স্মিথের জবাব , ‘আমি ব্যাট করছি।’
লিটন আবারও বলেন, ‘শুধু ব্যাট করো।’
এবার চড়া গলায় স্মিথ বলেন, ‘না, আমি যা চাই তা-ই করব। যা চাই তা করতে পারি আমি।’
এর কিছুক্ষণ পরই মেহেদী হাসান মিরাজের বলে ৪৪ রানে আউট হন স্মিথ। এ নিয়ে ফক্স স্পোর্টসে সাবেক পেসার ব্রেন্ডন জুলিয়ান বলছিলেন, ‘ লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল বাংলাদেশ।’






