বিশেষজ্ঞদের পর দাবি ছেলেরও
করোনার টিকায় মৃত্যু ওয়ার্নের

ছেলের দাবি করোনার টিকার জন্য মারা গেছেন ওয়ার্ন। ছবি: সংগৃহীত
জন্মভূমি অস্ট্রেলিয়া থেকে ৭ হাজার কিলোমিটার দূরের দেশ থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে মারা গিয়েছিলেন শেন ওয়ার্ন। ২০২২ সালে মৃত্যুর সময় কোহ সামুইয়ের সামুজানা ভিলাস রিসোর্টের একটি কক্ষে একাই ছিলেন ওয়ার্ন। তার ঘরের মেঝে, তোয়ালে ও বালিশে রক্তের দাগ পাওয়া গিয়েছিল তখন।
আন্তর্জাতিক ক্রিকেটে ১০০১ উইকেটের মালিকের মৃত্যু পরিবার ও ভক্তদের মনে সন্দেহ জেগেছিল তখনই। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যায় হৃদরোগে আক্রান্ত হওয়াতেই নাকেমুখে রক্ত এসেছিল ওয়ার্নের।
ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ হৃদরোগবিশেষজ্ঞ অসীম মালহোত্রা ও অস্ট্রেলিয়ার পেশাদার চিকিৎসক সমিতির সভাপতি ক্রিস্টোফার পরের বছর দাবি করেছিলেন করোনার টিকা নেওয়ার কারণে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ওয়ার্ন।
মালহোত্রা ও নেইল গবেষণা করে জেনেছেন, করোনার এমআরএনএ (বার্তাবাহী রাইবোনিউক্লিক অ্যাসিড) টিকা নিলে হৃৎপিণ্ডের সমস্যা দ্রুত বেড়ে যায়। মৃত্যুর ৯ মাস আগে ওয়ার্ন করোনার যে টিকা নিয়েছিলেন, সেটাও ছিল এমআরএনএ ধরনের।
বিশেষজ্ঞদের পর এবার একই দাবি করলেন ওয়ার্নের ছেলে জ্যাকসন ওয়ার্ন। ‘টু ওয়ার্ল্ডস কোলাইড’ পডকাস্টে সাবেক সেনাসদস্য স্যাম ব্যামফোর্ডের মুখোমুখি হয়ে সম্প্রতি জ্যাকসন বলেছেন, ‘নিশ্চিতভাবে মনে করি, এর কারণ টিকা। এটা মোটেও বিতর্কিত কিছু নয়। ময়নাতদন্তের রিপোর্ট অনলাইনে আছে, সবাই দেখতে পারে। তিনি ধূমপান করতেন, মদ্যপান করতেন। তবে আশির বা নব্বইয়ের দশকের কত মানুষই তো বাবার চেয়ে বেশি ধূমপান আর মদ্যপান করে বেঁচে আছেন।’
জ্যাকসন আরও যোগ করেন, ‘সরকারি নির্দেশে নেওয়া কোভিড-১৯ টিকার কারণেই মারা গেছেন বাবা। সরকারি নিয়মের কারণে বাধ্য হয়েই তিন-চারটি টিকা নিয়েছিলেন তিনি। বাবার কোনো শারীরিক সমস্যা থাকলে টিকা সেটাকে সরাসরি সামনে নিয়ে এসেছে।’

