ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ইতালি

জর্জিয়া মেলোনি
ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ইতালি। দেশটি ইসরায়েলের সঙ্গে তার প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে, যার আওতায় রয়েছে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি গবেষণা বিনিময়। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং কূটনৈতিক সূত্র মঙ্গলবার জানিয়েছে এ তথ্য।
ইতালীয় সংবাদ সংস্থা আনসা এবং এজিআই-এর বরাত দিয়ে ভেরোনায় একটি অনুষ্ঠানের ফাঁকে মেলোনি বলেছেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায়, সরকার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার।’
ইতালির একটি কূটনৈতিক সূত্র এএফপিকে চুক্তিটি স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছে, ‘এটি চালু রাখা রাজনৈতিকভাবে কঠিন হতো।’
২০০৬ সালে ইসরায়েল কর্তৃক অনুমোদিত এই চুক্তিটি প্রতি পাঁচ বছর অন্তর করা হয় পর্যালোচনা। এই চুক্তিতে উল্লেখ রয়েছে প্রতিরক্ষা শিল্প, সামরিক কর্মীদের শিক্ষা ও প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তিসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার কথা।
লেবাননে জাতিসংঘের ইতালীয় শান্তিরক্ষীদের একটি গাড়িবহরে সতর্কতামূলক গুলি চালানোর জন্য ইতালীয় সরকার ইসরায়েলি বাহিনীকে অভিযুক্ত করার পর গত সপ্তাহে দুই দেশের মধ্যে বেড়েছে উত্তেজনা। এই ঘটনায় অন্তত একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হয়নি, যার প্রতিবাদে ইতালি ইসরায়েলের রাষ্ট্রদূতকে করেছে তলব।
লেবাননের বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর ‘অগ্রহণযোগ্য হামলার’ নিন্দা জানিয়ে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির মন্তব্যের জেরে সোমবার ইতালির রাষ্ট্রদূতকে তলব করেছে ইসরায়েল।
উপপ্রধানমন্ত্রী তাজানি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাগির সঙ্গে আলোচনার জন্য সোমবার ছিলেন বৈরুতে।
পরে তিনি এক্সে জানান, বেসামরিক জনগণের ওপর ইসরায়েলের অগ্রহণযোগ্য হামলার পরিপ্রেক্ষিতে ইতালির সংহতি জানাতে লেবাননে গিয়েছিলেন তিনি।

