নেপথ্যে
অ্যান্ডারসনকে হঠাৎ কেন ছুড়ে ফেলল তার ক্লাব?

ল্যাঙ্কাশায়ারের সঙ্গে ইংলিশ পেস কিংবদন্তি জেমস অ্যান্ডারসনের দীর্ঘ ২৫ বছরের সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তকে কেন্দ্র করে কাউন্টি ক্লাবটিতে বইছে তীব্র অসন্তোষের ঝড়। সমর্থকদের একাংশের তুমুল বিক্ষোভ ও ক্ষোভের মুখে শেষ পর্যন্ত ইংল্যান্ডের কিংবদন্তি এই পেসারের জন্য একটি আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনার আয়োজন করার বিষয়টি বিবেচনা করছে ল্যাঙ্কাশায়ার কর্তৃপক্ষ।
গত সপ্তাহে হুট করেই ৪৪ বছর বয়সী ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারি অ্যান্ডারসনকে ক্লাব থেকে রিলিজ করার (ছেড়ে দেওয়ার) ঘোষণা দেয় ল্যাঙ্কাশায়ার। ২০০১ সালে যে কাউন্টির হয়ে তিনি প্রথম পেশাদার ক্রিকেটে পা রেখেছিলেন, মৌসুমের শেষে এসে তাকে এভাবে হঠাৎ ছেঁড়ে দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন ক্লাবের সমর্থক ও সদস্যরা। এমন প্রেক্ষাপটে গত সোমবার সন্ধ্যায় ওল্ড ট্রাফোর্ডে ক্লাব প্রশাসন এবং ক্লাবের নিবন্ধিত সদস্যদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। তুমুল হট্টগোলে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। সমর্থকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্লাবের এমন আকস্মিক ও গোপনীয় সিদ্ধান্তের কারণে অ্যান্ডারসনকে মাঠ থেকে বিদায় জানানোর বা তার দীর্ঘ ক্যারিয়ার উদ্যাপন করার ন্যূনতম সুযোগটুকু থেকেও তারা বঞ্চিত হয়েছেন।
২০০ জনের বেশি সমর্থকের উপস্থিতিতে আয়োজিত ওই বৈঠকে নতুন প্রধান নির্বাহী রিচার্ড কেনিয়ন এবং নতুন ক্রিকেট পরিচালক পল ফারব্রেস উপস্থিত ছিলেন। সমর্থকদের দাবির মুখে ক্লাব কর্তৃপক্ষ অ্যান্ডারসনকে বিদায় সংবর্ধনার প্রদানের উপযুক্ত পথ খোঁজার প্রতিশ্রুতি দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ছুটিতে যুক্তরাষ্ট্রে থাকা পল ফারব্রেস ভিডিও কলের মাধ্যমে বৈঠকে যুক্ত হয়ে এই কঠিন সিদ্ধান্তের দায়ভার নিজের কাঁধে তুলে নেন। অ্যান্ডারসনকে হঠাৎ রিলিজ করে দেওয়ার কারণ ব্যাখ্যা করে ফারব্রেস বলেন, আগামী চার বছরের মধ্যে ল্যাঙ্কাশায়ারকে কাউন্টি চ্যাম্পিয়নশিপ জেতানোর মতো একটি শক্ত ভিতের দল গঠন করাই তার মূল লক্ষ্য। সামনে ৪৫ বছরে পা দিতে যাওয়া অ্যান্ডারসন সেই দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ নন বলেই মন্তব্য করেন তিনি। তবে ফারব্রেসের এমন যুক্তি গ্রহণ করতে পারেননি ভক্ত-সমর্থকেরা।
ল্যাঙ্কাশায়ারের হয়ে সদ্য সমাপ্ত কাউন্টি চ্যাম্পিয়নশিপ মৌসুমে অধিনায়কের দায়িত্ব পালন করা অ্যান্ডারসন দলটির অবনমন ও বাজে পারফরম্যান্সের মাঝেও ছিলেন সেরা পারফর্মার। মৌসুমে ৫০টি উইকেট শিকার করে ক্লাবের ‘চ্যাম্পিয়নশিপ প্লেয়ার অব দ্য ইয়ার’ নির্বাচিত হন তিনি। ল্যাঙ্কাশায়ার তাকে ছেড়ে দেওয়ার পরপরই বেশ কয়েকটি কাউন্টি ক্লাব এই বর্ষীয়ান পেসারকে নিজেদের দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে। ২০০০ সালে মাত্র ১৭ বছর বয়সে লিস্ট-এ ক্রিকেট দিয়ে শুরু করে ল্যাঙ্কাশায়ারের হয়ে ৪৪৩টি ফার্স্ট ক্লাস উইকেটের পাশাপাশি টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে রেকর্ড ৯১১টি উইকেট শিকার করেছেন অ্যান্ডারসন। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিলেও তিনি ঘোষণা দিয়েছিলেন যে, আরও অন্তত তিন বছর ঘরোয়া ক্রিকেট খেলে যেতে চান।






