বৃষ্টির কারণে শিরোপা ছাড়াই ফিরল বাংলাদেশ ইমার্জিং দল

শিরোপা জয়ের সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত তা কাজে লাগাতে পারল না বাংলাদেশ ইমার্জিং দল। প্রিটোরিয়ায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় চ্যাম্পিয়ন নির্ধারণ হয়নি।
ত্রিদলীয় সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে চার ম্যাচের তিনটিতেই জয় পেয়েছিল বাংলাদেশ। এর মধ্যে ফাইনালের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকেও আগের ম্যাচে হারিয়েছিল তারা। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামার অপেক্ষায় ছিলেন জাকির হাসানরা।
কিন্তু ম্যাচের আগেই সব পরিকল্পনায় পানি ঢেলে দেয় বৃষ্টি। বাংলাদেশ সময় বেলা দেড়টায় ম্যাচ শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে টসই করা সম্ভব হয়নি। প্রায় চার ঘণ্টা অপেক্ষার পরও মাঠ খেলার উপযোগী না হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হতাশা প্রকাশ করেন বাংলাদেশ ইমার্জিং দলের অধিনায়ক জাকির হাসান, ‘আমরা ধীরে ধীরে উন্নতি করছিলাম। ফাইনাল খেলার জন্য মুখিয়ে ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা সম্ভব হলো না।’
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের সঙ্গে এই ৫০ ওভারের ত্রিদলীয় সিরিজে অংশ নিয়েছিল ইউনিভার্সিটি স্পোর্ট অব সাউথ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যস্ততা এখানেই শেষ হচ্ছে না। আগামী ১৬ আগস্ট দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ‘এ’ দল। সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হবে ২৩ আগস্ট।




