আবুধাবি টেস্ট
দারুণ শুরুর পর বাংলাদেশের হতাশা

সংগৃহীত ছবি
শুরুটা হয়েছিল দারুণ। শতরানের উদ্বোধনী জুটি পর ২ উইকেট হারিয়ে স্কোর ২২১। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে শক্ত ভিত গড়েছিল বাংলাদেশ। তবে দিনের মধ্যভাগ থেকে শেষ প্রান্ত, ব্যাটারদের ব্যর্থতায় খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে প্রথম দিন শেষে ৮ উইকেটে ৩১৭ রান তুলেছে বাংলাদেশ। দিনশেষে অপরাজিত আছেন নাইম হাসান ও তাইজুল ইসলাম।
শেখ জায়েদ স্টেডিয়ামে দিনের শুরুটা দুর্দান্তভাবেই করেছিলেন দুই ওপেনার সাদমান ইসলাম ও তানজিদ তামিম। উদ্বোধনী জুটিতে ওঠে ১২৪ রান। ফিফটি পেয়েছিলেন দুই ওপেনারই।
তবে দুই ওপেনারের কেউই সেঞ্চুরি পাননি। তানজিদ তামিম ফেরেন ৭১ বলে ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলে। এই ইনিংসের পথে তিনি মেরেছেন ৮টি চার ও ৪ ছক্কা। ১১১ বলে ৬৭ রানে প্যাভিলিয়নে ফেরেন সাদমান।
২ উইকেটে ২২১ রান নিয়ে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় সেশনে ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। মুমিনুল, মুশফিক, নাজমুল ফেরেন অল্প সময়ের ব্যবধানে।
সেখান থেকে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের ব্যাটে ঘুরে দাঁড়ানোর আশা দেখেছিল। এই জুটি ফিফটি পার করায় কিছুটা স্বস্তি পেয়েছিল বাংলাদেশ, ছিল বড় জুটির স্বপ্নও। সেটিও হয়নি, ইনিংসটা লম্বা করতে পারেননি কেউই। মিরাজ ২৪ আর লিটন ফিরেছেন ৫৩ রানে।
শেষ পর্যন্ত ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। ১১ রানে অপরাজিত আছেন নাইম, তাইজুলের রান ৪।
৭০ রানে ৩ উইকেট নিয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ সাফি। আহমেদজাই ও ইসমাত নিয়েছেন দুটি করে উইকেট।



