কলম্বো টেস্টে তৃতীয় ক্রিকেটারের শাস্তি

সংগৃহীত ছবি
কলম্বো টেস্ট টেস্টের প্রথম দুইদিনে শাস্তি পেয়েছিলেন দুই ক্রিকেটার। এবার তৃতীয় ক্রিকেটার হিসেবে শাস্তি পেলেন শ্রীলংকার প্রবাথ জয়সুরিয়া। এর আগে শ্রীলংকার আসিথা ফার্নান্দো এবং ভারতের যশস্বী জসওয়ালকে শাস্তি দিয়েছিল আইসিসি।
কলম্বোতে চলছে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। ম্যাচের দ্বিতীয় দিনের শেষ বলে আউট হয়েছিলেন প্রবাথ। আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার সময় বাউন্ডারি কুশনে ব্যাট দিয়ে আঘাত করেন তিনি। মাঠের আম্পায়ার আহসান রাজা ও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, তৃতীয় আম্পায়ার রড টাকার এবং চতুর্থ আম্পায়ার প্রগীত রামবুকওয়েলা অভিযোগ এনেছিলেন। এতে তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে আইসিসি।
এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রবাথের সাজা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। এর সাথে নামের পাশে যুক্ত হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের মধ্যে এই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন প্রবাথ জয়সুরিয়া।
ব্যাট দিয়ে বাউন্ডারি কুশলে আঘাত করে আইসিসির প্লেয়ারদের কোড অব কনডাক্টের ২.২ ধারা ভেঙেছেন প্রবাথ। যেখানে আন্তর্জাতিক ম্যাচ চলাকালে ক্রিকেটীয় কোনো সরঞ্জাম বা বস্তুর ক্ষতি করার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া আছে।
জয়সুরিয়া নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তিও মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির কোনো প্রয়োজন হয়নি।






