ইবাদতকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করল আইসিসি

সংগৃহীত ছবি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশের পেসার ইবাদত হোসেনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে চলমান প্রথম টেস্টে এই শাস্তি পেয়েছেন তিনি। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
আইসিসির আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গ করেছেন ইবাদত। আন্তর্জাতিক ম্যাচে কোনো খেলোয়াড়ের দিকে বা কাছাকাছি অনুপযুক্ত ও বিপজ্জনকভাবে বল ছুড়ে মারার অপরাধের কথা বলা হয়েছে এই ধারায়।
ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ১৭তম ওভারে। ব্যাটার নিরাপদে ক্রিজে ফিরে যাওয়ার পর তার দিকে বিপজ্জনক ও অনুপযুক্তভাবে বল ছুড়ে মারেন ইবাদত।
নিজের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন এই পেসার। ফলে এ নিয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ২৪ মাসের মধ্যে এটি তার প্রথম অপরাধ।
মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার লুবাবালো গকুমা তার বিরুদ্ধে অভিযোগ আনেন।
আইসিসির নিয়ম অনুযায়ী, ২৪ মাসের মধ্যে কোনো খেলোয়াড়ের নামের পাশে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট জমা হলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়। দুটি সাসপেনশন পয়েন্ট হলে একটি টেস্ট অথবা দুটি ওয়ানডে কিংবা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হতে হয়।



