৪৪ বছরেও থামছেন না অ্যান্ডারসন, নতুন ঠিকানা সারে

সংগৃহীত ছবি
কাউন্টি ক্রিকেটে নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। ২০২৭ মৌসুমে সারের হয়ে খেলবেন ৪৪ বছর বয়সী এই পেসার। ল্যাঙ্কাশায়ারের সঙ্গে ২৫ বছরের সম্পর্কের ইতি টেনে ওভালভিত্তিক ক্লাবটিতে যোগ দিচ্ছেন তিনি।
২০২৬ মৌসুমে বল হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন অ্যান্ডারসন। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১৮ এর কম গড়ে নিয়েছেন ৫০ উইকেট। স্বীকৃতি হিসেবে জিতেছেন ল্যাঙ্কাশায়ারের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও। তবে এত ভালো পারফরম্যান্সের পরও তার সঙ্গে নতুন চুক্তি করেনি ক্লাবটি। তাতেই দীর্ঘ আড়াই দশকের সম্পর্কের সমাপ্তি ঘটে।
ল্যাঙ্কাশায়ার ছাড়া নিয়ে হতাশাও প্রকাশ করেছিলেন অ্যান্ডারসন, ‘সিদ্ধান্তটা যদি আমার হাতে থাকত, তাহলে এভাবে শেষ হতো না।’ তার সাবেক ইংল্যান্ড সতীর্থ স্টুয়ার্ট ব্রডও ক্লাবটির সিদ্ধান্ত নেওয়ার ধরন নিয়ে সমালোচনা করেন। বিষয়টিকে তিনি অসম্মানজনক বলে উল্লেখ করেছিলেন।
নতুন ক্লাবে সাবেক সতীর্থ অ্যালেক স্টুয়ার্টকে পাশে পাচ্ছেন অ্যান্ডারসন। বর্তমানে সারির ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার।
২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান অ্যান্ডারসন। তিন সংস্করণ মিলিয়ে তার শিকার ৯১১ উইকেট। এর মধ্যে টেস্টেই নিয়েছেন ৭০৪ উইকেট, যা এই সংস্করণে কোনো পেসারের সর্বোচ্চ।
অ্যান্ডারসনের ক্যারিয়ারে ওভাল মাঠেরও বিশেষ গুরুত্ব রয়েছে। ২০১৮ সালে এই মাঠেই গ্লেন ম্যাকগ্রার টেস্টে পেসারদের সর্বোচ্চ উইকেটের রেকর্ড ভেঙেছিলেন তিনি। মোহাম্মদ শামিকে আউট করে নিজের ৫৬৪তম টেস্ট উইকেটটি নিয়েছিলেন ইংলিশ কিংবদন্তি।
সারেতে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত অ্যান্ডারসন। নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় থাকা এই পেসার বলেন, ‘সারের মতো ক্লাবে যোগ দিতে পারা সম্মানের। নতুন অধ্যায় শুরু করতে তর সইছে না। দলটিতে দারুণ সব খেলোয়াড় আছে। কাউন্টি চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াইয়ে থাকার প্রত্যাশা করে তারা। এমন দলের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত।’
এখনো নিজের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী অ্যান্ডারসন। তার বিশ্বাস, মাঠে উইকেট নেওয়ার পাশাপাশি দলের তরুণ বোলারদের উন্নতিতেও ভূমিকা রাখতে পারবেন। বিশেষ করে যারা ভবিষ্যতে দেশের হয়ে খেলতে চান, তাদের অভিজ্ঞতা ও পরামর্শ দিয়ে সাহায্য করতে চান তিনি।



