সহজ রান আউটের সুযোগ নষ্ট করে সমালোচনার মুখে সিকান্দার রাজা

সংগৃহীত ছবি
ফাফ ডু প্লেসিসকে রান আউট করার সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সিকান্দার রাজা। দুবাই ক্যাপিটালসের বিপক্ষে আইএল টি-টোয়েন্টির ম্যাচে শারজা ওয়ারিয়র্স অধিনায়কের এমন ভুলে বেঁচে যান দক্ষিণ আফ্রিকান ব্যাটার। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা।
ম্যাচের সপ্তম ওভারে ম্যাক্স হোল্ডেনের খেলা একটি বল কভারে আটকে দেন ব্রেন্ডন ম্যাকমুলেন। দেরি না করে বোলারের প্রান্তে থ্রো করেন তিনি। সে সময় পিচের মাঝামাঝি ছিলেন ডু প্লেসিস। বলটি ঠিকঠাক ধরতে পারেননি রাজা। পরে বল হাতে পেলেও ব্যাটার ক্রিজের বাইরে আছেন কি না, তা খেয়াল করেননি। সতীর্থদের চিৎকারে বিষয়টি বুঝতে পেরে স্টাম্প ভাঙলেও ততক্ষণে ডাইভ দিয়ে ক্রিজে পৌঁছে যান ডু প্লেসিস।
আইএল টি-টোয়েন্টির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ঘটনাটির ভিডিও প্রকাশের পর তা ছড়িয়ে পড়ে। রাজার এমন ভুলকে ঘিরে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিক্সিংয়ের অভিযোগও তুলেছেন। কেউ কেউ পুরো লিগের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছেন।
তবে ম্যাচে পরে নিজের দ্বিতীয় ওভারে ডু প্লেসিসকে ১৫ রানে ফিরিয়ে দেন রাজা। শারজা ১২৬ রানের লক্ষ্য ১৩ ওভারের মধ্যেই পেরিয়ে যায়।



