উইজডেনের বর্ষসেরা স্টার্ক-দীপ্তি

উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন মিচেল স্টার্ক ও দীপ্তি শর্মা।
একজন অস্ট্রেলিয়ার জার্সিতে বছরজুড়েই বল হাতে ছিলেন দুর্দান্ত ফর্মে। অন্যজন আকাশী নীল জার্সিতে ভারতের নারী দলকে এনে দিয়েছেন বহু আরাধ্য বিশ্বকাপ শিরোপা। অজি পেসার মিচেল স্টার্ক ও ভারতীয় নারী দলের অলরাউন্ডার দীপ্তি শর্মা এবার জিতলেন 'ক্রিকেটের বাইবেল' উইজডেনের বর্ষসেরা পুরষ্কার।
উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের ২০২৫ সালের সংস্করণ প্রকাশিত হতে যাচ্ছে ১৫ এপ্রিল, বুধবার। এটি এই অ্যালমানাকের ১৬৩তম সংস্করণ। নতুন সংস্করণ প্রকাশের আগে প্রথা অনুযায়ী ঘোষণা করা হয় সেরাদের নাম।
ছেলেদের বিভাগে লিডিং ক্রিকেটার নির্বাচিত হয়ে বর্ষসেরা হয়েছেন স্টার্ক। ৩৬ বছর বয়সী স্টার্কের গত বছরটা কেটেছে স্বপ্নের মতো। ১১ টেস্টে ১৭.৩২ গড়ে এই পেসার নিয়েছেন ৫৫ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ রানে ৬ উইকেট নিয়েছেন, যা তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।
স্টার্ক দুর্দান্ত ফর্মে ছিলেন অ্যাশেজেও। প্রথম দুই টেস্টে ১৮ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়ে রেখেছেন বড় ভূমিকা। পুরো সিরিজে ১৯.৯৩ গড়ে নিয়েছেন ৩১ উইকেট।
ভারতের মেয়েদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল ২৮ বছর বয়সী দীপ্তির। বিশ্বকাপজুড়ে দারুণ ফর্মে থাকা দীপ্তি হয়েছেন টুর্নামেন্টসেরাও। পুরো আসরে ২১৫ রানের পাশাপাশি দীপ্তি নিয়েছেন ২২ উইকেট। ফাইনালে ৫৮ রানের দুর্দান্ত ইনিংসের পর ৩৯ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি।
‘উইজডেন ফাইভ ক্রিকেটার্স অব দ্য ইয়ার’ তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের শুবমান গিল, রবীন্দ্র জাদেজা, রিশাভ পান্ত ও মোহাম্মদ সিরাজ। একমাত্র ইংলিশ ক্রিকেটার হিসেবে সেরা পাঁচে জায়গা পেয়েছেন হাসিব হামিদ।
এজবাস্টন টেস্টে ৪৩০ রানকে বছরের সেরা একক পারফরম্যান্স হিসেবে স্বীকৃতি দিয়ে ‘উইজডেন ট্রফি’ দেওয়া হয়েছে শুভমান গিলকে। টি-২০ ক্রিকেটে ১০০০ রানের মাইলফলক ছোঁয়া ভারতের অভিষেক শর্মা হয়েছেন বিশ্বসেরা টি-২০ ক্রিকেটার।

