জাতীয় লিগের তিন ম্যাচই নিষ্ফলা

ব্যাট হাতে রংপুরের হয়ে লড়াই আকবর আলির। ছবি: মোশারফ হোসেন
মিরপুরে তৃতীয় দিন শেষে ঢাকা বিভাগ মাত্র ৬ রানে রংপুর বিভাগের তিন উইকেট তুলে নেওয়ায় রোমাঞ্চ ছড়িয়েছিল। অনেকেই ভেবেছিল এই ম্যাচে ফল হতে যাচ্ছে। কিন্তু চতুর্থ দিন রংপুর অধিনায়ক আকবর আলির দৃঢ়তায় ম্যাচ ড্র করে তারা।
২য় ইনিংসে ৬২ ওভারে ১৪৯ রানে অলআউট হয় রংপুর। আকবর করেছেন ৬৪ রান। এছাড়া রিজওয়ান ২৭ ও ইকবাল ২০ রান করেন। এতে ঢাকার সামনে জয়ের জন্য ২০৬ রানের লক্ষ্য দাঁড়ায়। শেষ বিকেলে কয়েক ওভারে এই রান তোলা অসম্ভব ছিল ঢাকার জন্য। এর আগে প্রথম ইনিংসে রংপুরের ৩৪০ রানের জবাবে ঢাকা ২৮৪ রান তুলেছিল।
মিরপুরের এই ম্যাচ বাদে অন্য দুটিতে বলার মতো পারফরম্যান্স মাহফিজুল রবিনের সেঞ্চুরি। ময়মনসিংহের হয়ে খেলা এই ব্যাটার ১০০ রান করেছেন। এছাড়া খালিদ ৫৭, আরিফুল ৭২ ও আবদুল মজিদের ৮৭ রানে দ্বিতীয় ইনিংসে ৩৭২ রান থাকা অবস্থায় ম্যাচ ড্র হয়। এর আগে প্রথম ইনিংসে ৩১১ রান করেছিল ময়মনসিংহ। সিলেট তুলেছিল ৩২৭।
চট্টগ্রাম ও রাজশাহীর ম্যাচও যে ড্র হবে তা অনুমিত ছিল। চতুর্থ দিন রাজশাহী ৮ উইকেটে ২২৪ রানে থাকা অবস্থায় ম্যাচ শেষ হয়। তাদের প্রথম ইনিংসের সংগ্রহ ছিল ৩৬৪ রান। আর চট্টগ্রাম প্রথম ইনিংসে করেছিল ৩৯৩ রান।



