বিগ ব্যাশে অদ্ভুত আউট
বল না খেলেই বোল্ড!

সংগৃহীত ছবি
এমন অদ্ভুত আউট হয়তো আগে কখনোই দেখেনি ক্রিকেট বিশ্ব। ব্যাটার দাঁড়িয়ে আছেন ক্রিজের একপাশে, যেখানে দাঁড়ান লেগ আম্পায়ার, ঠিক করছেন গ্লাভস ও হেলমেট। এই সময় বোলার বল করে ভাঙলেন উইকেট, করলেন উদযাপন! এমন আউটের দেখা মিলল নারী বিগ ব্যাশে।
এই আউটের নাম ‘ফ্রি বল’। আজ এরই শিকার হলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার দিয়েন্দ্রা ডট্টিন। মাঠে নামার পর নির্ধারিত সময়ের মধ্যে বোলারের সামনে দাঁড়াতে পারেননি তিনি, তার শাস্তি পেতে হলো অদ্ভুতূড়ে এক আউটে। মেয়েদের বিগ ব্যাশ লিগে সারাহ গ্লেন খালি স্টাম্পে বোলিং করে মেলবোর্ন রেনেগেডসের নতুন এই ব্যাটারকে বোল্ড করেন।
জর্জিয়া ওয়েরহ্যামের আউটের পর ব্যাট করতে নামেন অলরাউন্ডার ডট্টিন। কিন্তু গ্লাভস হেলমেট তখনও পরতে পারেননি। মাঠের মাঝখানে এসে সেগুলো পরতে শুরু করেন। ততক্ষণে ২০২১ সালের বিবিএলের আগে চালু হওয়া নিয়মে নির্ধারিত সময় পার করে ফেলেছেন তিনি।
খেলার গতি বাড়াতে নেওয়া নিয়ম অনুযায়ী, কোনো ব্যাটার আউট কিংবা রিটায়ার্ড হার্ট হওয়ার পর একজন নতুন ব্যাটারকে ৭৫ সেকেন্ডের মধ্যে পরবর্তী বলের জন্য প্রস্তুত হতে হবে, নাহলে নন স্ট্রাইকারে থাকা ব্যাটারকে বল মোকাবিলা করতে হবে।
আম্পায়ার ডট্টিনকে নির্ধারিত সময়সীমা পার করার দায়ে তাকে স্টাম্পের পাশে বেশ দূরে থাকার নির্দেশ দেন এবং গ্লেন ফ্রি বল পান। ব্রিসবেনের বোলার মাঝের ও লেগ স্টাম্পে আঘাত করেন। গোল্ডেন ডাক মারেন ডট্টিন।
গ্লেন যেন উদযাপনের ভাষা খুঁজে পাচ্ছিলেন না। তিনি হেসে হাত দিয়ে মুখ ঢেকে সতীর্থদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।
ম্যাচ শেষে রেনেগেডস অধিনায়ক ও ম্যাচসেরা সোফি মোলিনু ঘটনাটিকে ক্রিকেটের বিরল অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, ‘এটি এমন কিছু, যা ক্রিকেটে আমি আগে কখনো দেখিনি। আমাদের জন্য এটি ভালো শিক্ষা, অন্য দলগুলোর জন্যও নিশ্চয়ই। আমার মনে হয়, আগামী ১০ বছরে আর এমন ঘটনা দেখা যাবে না।’



