ওয়ানডেতে ১৫ হাজার রানের মাইলফলকে কোহলি

সংগৃহীত ছবি
আরও একটি মাইলফলকে পা রাখলেন বিরাট কোহলি। শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে করলেন ১৫ হাজার রান। ৩০২ ইনিংসে তার রান ছিল ১৪৯৪১। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রবিবার সিরিজের প্রথম ওয়ানডেতে মাইলফলকে পা রাখতে দরকার ছিল ৫৯ রান। অসাধারণ সেঞ্চুরিতে সেটা করে ফেললেন অনায়াসে।
১৩৯ রানের চোখজুড়ানো ইনিংসে ওয়ানডেতে তার রান এখন ১৫০৮০। ১৫ হাজারের পথে ‘কিং কোহলি’ পেছনে ফেলেছেন টেন্ডুলকারকেও। ওয়ানডেতে ২০০৭ সালে ৩৭৭তম ইনিংসে ১৫ হাজার রানে পৌঁছেছিলেন এই কিংবদন্তি। সেখানে কোহলির লাগল মাত্র ৩০৩ ইনিংস।
এতদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতীয়দের মধ্যে যৌথ সর্বোচ্চ ৪৩ ম্যাচ খেলার রেকর্ড ছিল মোহাম্মদ আজহারউদ্দিন ও বিরাট কোহলির। গতকাল আজহারকে পেছনে ফেলে সর্বোচ্চ ৪৪ ম্যাচ খেলার নজির গড়লেন তিনি। তিরুবনন্তপুরমে প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে ৭ উইকেটে ২৯৫ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জাস্টিন গ্রিভস খেলেন ১০৮ বলে ১০১ রানের ইনিংস। কুলদীপ যাদব নেন ৪০ রানে ৪ উইকেট। জবাবে শুভমান গিলের ১১০ ও কোহলির ৫৫তম সেঞ্চুরিতে ৪১.৪ ওভারে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে ভারত।
ভারতের মাটিতে ওয়ানডেতে ১৬৪ ম্যাচে সবচেয়ে বেশি ৬৯৭৬ রানের রেকর্ডটি এতদিন ছিল টেন্ডুলকারের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামার আগে কোহলির রান ছিল ৬৮৬৭। অর্থাৎ পিছিয়ে ছিলেন ১১০ রানে। ৮৮ বলে ১০ বাউন্ডারি ৯ ছক্কায় অপরাজিত ১৩৯ রানের ইনিংসে সেই রেকর্ডও নিজের করে নিলেন কোহলি।



