৪ বছর পর দলে ফিরলেন ভুবনেশ্বর

সংগৃহীত ছবি
পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-২ সমতা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের তাই নির্ধারণ হবে ট্রফি। সিরিজ নির্ধারণী ম্যাচের আগে চোটে ভুগছেন আর্শদীপ সিং। আর্শদীপের কাঁধের চোটে স্কোয়াডে ডাকা হয়েছে ভুবনেশ্বর কুমারকে। দীর্ঘ ৪ বছর পর তাই ভারতীয় দলে দেখা যাবে এই ডানহাতি পেসারকে।
২০২২ সালের নভেম্বর মাসে সর্বশেষ ভারতের জার্সিতে খেলেছিলেন ৩৬ বছর বয়সী অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর। প্রায় চার বছর পর আবারও ফিরেছেন ভারতের দলে।
কিছুদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ডাকা হয়েছে ভুবনেশ্বরকে। আইপিএলের সর্বশেষ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৬ ম্যাচে ২৮ উইকেট শিকার করেছেন ভুবনেশ্বর কুমার। টানা দ্বিতীয়বার আইপিএলের শিরোপা জেতে তার দল আরসিবি। দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবে টুর্নামেন্ট শেষ করেন ভুবনেশ্বর। সবচেয়ে বেশি উইকেট পাওয়া কাগিসো রাবাদার চেয়ে মাত্র ১ উইকেট পেছনে ছিলেন ভারতীয় এই পেসার।
একসময় ভারতের তিন সংস্করণের দলেই নিয়মিত ছিলেন ভুবনেশ্বর। সময়ের পরিক্রমায় তিনি জায়গা হারান সব সংস্করণ থেকেই। ভারতের হয়ে ২১ টেস্টের সবশেষটি খেলেন ২০১৮ সালে, ১২১ ওয়ানডের সবশেষটি ২০২২ সালে। ওই বছরই শেষবার টি-টোয়েন্টিতে দেশের প্রতিনিধিত্ব করেন তিনি।
জাতীয় দলে ডাক পাওয়ার পর গত সপ্তাহে ফিটনেস পরীক্ষার জন্য বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে যোগ দেন ভুবনেশ্বর। আর নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি হিসেবে এরই মধ্যে বোলিং নিয়ে কাজও শুরু করে দিয়েছেন তিনি। এই সংস্করণে সবশেষ গত সেপ্টেম্বরে মাঠে নামেন ডানহাতি পেসার, ইউপিটি টোয়েন্টি লিগে।



