নেপালিদের ক্রিকেট প্রেমে মুগ্ধ সাকিব

সংগৃহীত ছবি
এবারের নেপাল প্রিমিয়ার লিগে খেলছেন বাংলাদেশের সাকিব আল হাসান। নেপালে গিয়ে দর্শকদের ক্রিকেটের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ সাকিব। প্রতিটি ম্যাচে গ্যালারিতে দর্শকদের উপস্থিতি এবং খেলার প্রতি তাদের ভালোবাসা আলাদাভাবে নজড় কেড়েছে তার।
নেপালে খেলতে এসে নিজের ভালো লাগার কথা জানিয়ে হোস্ট ইয়েশা সাগরকে সাকিব জানান, ‘নেপালে এসে খুব ভালো লাগছে। দর্শকরা খেলায় নিবিড়ভাবে জড়িয়ে আছে। প্রতি ম্যাচেই প্রচুর দর্শক আসছে। এই টুর্নামেন্ট নিয়ে আমি মুখিয়ে আছি।’
মাঠের বাইরের অভিজ্ঞতার পাশাপাশি মাঠের উইকেট নিয়েও সন্তুষ্ট সাকিব, ‘উইকেট অনেক ভালো ছিল। আমরা আরও ১৫ রান করতে পারলে ভালো হতো। এখানে উইকেট টু উইকেট বল করা খুব জরুরি।’
এদিকে সতীর্থ অর্জুন ঘারতির ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন সাকিব। যিনি ২৫ বলে ৪০ রান করে অপরাজিত থেকেছেন। সাকিব বলেন, ‘অর্জুন দারুণ ব্যাট করেছে। সময় নিয়ে শেষদিকে চড়াও হয়েছে।’
নেপাল প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচে গেল রাতে সুদুপশ্চিম রয়্যালসের বিপক্ষে মাঠে নামেন সাকিব। একই ম্যাচে পোখারা এভেঞ্জার্সের হয়ে খেলেছেন শেখ মেহেদী হাসানও। আগে ব্যাট করতে নেমে ১৪৫ রান করে সাকিবের পোখারা। ১৬ বলে ১৪ রান আসে সাকিবের ব্যাট থেকে। শেখ মেহেদী ওপেনিংয়ে নেমে ২১ বলে ৩২ রান করেন। জবাব দিতে নেমে ১৬.৫ ওভারেই ম্যাচ জিতে নেয় সুদূরপশ্চিম। মেহেদী ৩১ রান দিয়ে একটি উইকেট পান। সাকিব এক উইকেট নেন ২৪ রান দিয়ে।



