রোমাঞ্চ ছড়িয়ে ড্রয়ের পথে ঢাকা টেস্ট

ছবি: আগামীর সময়
ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫২ রান। বাংলাদেশ এগিয়ে আছে ১৭৯ রানে। খেলা শেষের সময় ছিল বিকাল ৫টা ৪৫ মিনিট, বৃষ্টিতে দুপুরে এক ঘণ্টার বেশি খেলা বন্ধ থাকায় ৬টা ১৫ মিনিট পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ম্যাচ অফিসিয়ালরা। কিন্তু বিকাল ৫টা ১৫ মিনিটেই আলোর স্বল্পতার কারণে খেলা থামিয়ে দিতে হয়।
চতুর্থ দিনের খেলা শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অপরাজিত ৫৮ রানে। হাফসেঞ্চুরি তুলে নেওয়ার পর ৫৬ রানে আউট হয়ে গেছেন মুমিনুল হক। শাহিন শাহ আফ্রিদির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে তার ইনিংস থেমেছে। প্রথম ইনিংসেও খেলেছিলেন ৯১ রানের ইনিংস। আরেক অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিমের রান ১৬।
দিনের খেলার শুরুতেই দুই উদ্বোধনী ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় (৫) ও সাদমান ইসলাম (১০) আউট হওয়ার পর তৃতীয় উইকেট জুটিতে ১০৫ রানের জুটি গড়েন শান্ত ও মুমিনুল। এই টেস্টের দুই ইনিংসেই তারা শতরানের জুটি গড়েছেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো শান্তর সামনে আরেকটি বড় ইনিংসের হাতছানি।
চতুর্থ দিনের খেলা শেষে ঢাকা টেস্ট এগোচ্ছে ড্রয়ের পথে। ম্যাচে ফলাফল আনতে আগামীকাল শেষ দিনে বাংলাদেশকে রানটা আরেকটু বাড়িয়ে নিতে হবে, সেই সঙ্গে বোলারদের পর্যাপ্ত সুযোগ দিতে হবে পাকিস্তানের ১০ উইকেট তুলে নেওয়ার। সেটা না হলে ড্রই হয়তো লেখা আছে ঢাকা টেস্টের ভাগ্যে।





