এশিয়া কাপ আর্চারি
রুপা জিতল বাংলাদেশ

সংগৃহীত ছবি
সোনা জেতার খুব কাছেই ছিলেন তারা। প্রথম সেটে দুই পয়েন্টে এবং দ্বিতীয় সেটে পাঁচ পয়েন্টে পিছিয়ে পড়ে সেই স্বপ্ন আর পূরণ হলো না বাংলাদেশের। কাজাখস্তানের কাছে হেরে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্টের (স্টেজ-২) কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে রুপা পেল দল।
ইরাকের সোলাইমানিয়াহতে আজ কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে ২৩০-২২৪ স্কোরে হেরেছে বাংলাদেশ। দলের হয়ে খেলেন হিমু বাছার, তরিকুল ইসলাম ও রাকিব নেওয়াজ আহমেদ। এই ইভেন্টে শ্রীলঙ্কাকে ২২৭-২১২ স্কোরে শ্রীলঙ্কাকে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে স্বাগতিক ইরাক।
কাজাখস্তানের বিপক্ষে হিমু-তরিকুলদের শুরুটা হয় সাদামাটা। প্রথম সেটে ৫৫-৫৩ পয়েন্টে হেরে যান তারা। দ্বিতীয় সেট ৫৯-৫৪ ব্যবধানে হেরে পিছিয়ে পড়েন আরও।
তৃতীয় সেটে ৫৭-৫৭ ড্রয়ের পর, চতুর্থ সেটে ৬০-৫৯ ব্যবধানে জিতলেও শুরুর ঘাটতি পুষিয়ে নেওয়া হয়নি বাংলাদেশের। রুপা নিয়েই ছাড়তে হয় মাঠ।
এই বিভাগে দল সংখ্যা মোট চারটি হওয়ায় সরাসরি সেমিফাইনাল হয়েছিল। সেখানে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ২৩১-২১৫ স্কোরে হারিয়ে উঠেছিল ফাইনালে। কাজাখস্তান ২২৯-২১৮ ব্যবধানে হারিয়েছিল ইরাককে।



