আরচারির নির্বাচন
সাধারণ সম্পাদক পদে দুই তানভীরের লড়াই

গ্রাফিকস: আগামীর সময়
বাংলাদেশ আরচারি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন হতে যাচ্ছে আগামীকাল সোমবার। জাতীয় ক্রীড়া পরিষদে সকাল নয়টায় শুরু হবে ভোটপ্রদান। সভাপতি পদে হচ্ছে না নির্বাচন। একজন প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। এছাড়া দুই যুগ্ম সম্পাদক পদেও হচ্ছে না নির্বাচন। এখানে দু’জন প্রার্থী তাজুল হোসেন বাপ্পী ও মোহাম্মদ সোহেল রানা বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন। তবে বাকি পদগুলোতে হতে যাচ্ছে জমজমাট নির্বাচন।
বিশেষ করে সাধারণ সম্পাদক পদে ভোটের লড়াইটা হতে যাচ্ছে ত্রিমূখী। দুই তানভীরের মধ্যে অবশ্য হবে মূল লড়াই। বর্তমান অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হানকে চ্যালেঞ্জ জানিয়েছেন সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ। এছাড়া এই পদে লড়ছেন চুয়াডাঙ্গার সোহেল আকরাম।
পাঁচ সহ-সভাপতি পদে প্রার্থী ছয়জন। জিয়াউল ইসলাম মুন্না, নাজিম উদ্দিন আহমেদ, মাহিন মুক্তাদির রহমান, মনজুর আলম, মামুন শিবলী ও সুব্রত মজুমদারের মধ্যে একজনকে ভোটের হিসাবে বাদ পড়তে হবে। কোষাধ্যক্ষ পদে বর্তমান দায়িত্বে থাকা সাইদুজ্জামান তুহিনের সঙ্গে লড়াই হবে চুয়াডাঙ্গার এখলাছ উদ্দীনের। এছাড়া ১৯টি নির্বাহী সদস্য পদের জন্য লড়াই করছেন ২২জন প্রার্থী। ৬২ কাউন্সিলরের ভোটে চূড়ান্ত হবে আরচারির আগামী চার বছরের ভবিষ্যৎ নেতৃত্ব। জাতীয় ক্রীড়া পরিষদে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে ভোটগ্রহন।
নিজের পদে নির্বাচন হচ্ছে না বলেই নিরপেক্ষ অবস্থানে থাকছেন সভাপতি চপল। নির্বাচনের ফলাফল ঘোষণার পর নিজ বাসভবনে সব প্রার্থীর সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন ওয়ার্ল্ড আরচারি এশিয়ার সভাপতি। চপলের কথায়, 'এবার প্রায় সব পদেই একাধিক যোগ্য প্রার্থী আছেন। যোগ্যদের বেছে নেওয়ার দায়িত্ব কাউন্সিলরদের। নির্বাচনের ফলাফলের ঘোষণার পর বিজয়ী-পরাজিত সব প্রার্থীর সৌজন্যে আমার বাসভবনে নৈশভোজের আয়োজন করেছি। আমি সবাইকে নিয়েই আরচারিকে এগিয়ে নিতে চাই।'
এদিকে নির্বাচন পর্যবেক্ষণ করতে এর মধ্যেই ওয়ার্ল্ড আরচারির একজন প্রতিনিধি ঢাকায় এসে পৌঁছেছেন।




