এশিয়া কাপ আর্চারি
নারী দলের সোনা জয়

সংগৃহীত ছবি
ইরাকের সুলায়মানিয়ায় অনুষ্ঠিত ২০২৬ এশিয়া কাপ–ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট, লেগ–২-এ দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশ কম্পাউন্ড নারী দল। পদকের লড়াইয়ে কাজাখস্তানকে ২৩০–২২০ পয়েন্টে পরাজিত করে এই গৌরবময় সাফল্য অর্জন করেন বাংলাদেশের তিন প্রতিভাবান আর্চার—বন্যা আক্তার, মোসা: কুলছুম আক্তার মনি ও শ্রীপর্না বিশ্বাস।
ফাইনাল ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ও ধারাবাহিক পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশের মেয়েরা। চারটি এন্ডে যথাক্রমে ৫৭, ৫৭, ৫৮ ও ৫৮ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ দলের মোট স্কোর দাঁড়ায় ২৩০। অন্যদিকে, কাজাখস্তান দল চারটি এন্ডে যথাক্রমে ৫৫, ৫২, ৫৬ ও ৫৭ পয়েন্ট অর্জন করে মোট ২২০ পয়েন্ট সংগ্রহ করে। ফলে ১০ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশের নারী আর্চাররা।
বাংলাদেশ আর্চারি ফেডারেশন এই গৌরবময় অর্জনে সংশ্লিষ্ট সকল আর্চার, কোচ, কর্মকর্তা ও সহযোগীদের অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের আর্চারদের আরও সাফল্য কামনা করেছে।



