এশিয়া কাপ আর্চারি
সোনা জয়ের হাতছানি বাংলাদেশের

এশিয়া কাপ আর্চারিতে রুপা নিশ্চিত করল বাংলাদেশ কম্পাউন্ড পুরুষ দল। ছবি: সংগৃহীত
২০২১ সালে চীনের গুয়াংজুতে এশিয়া কাপ আর্চারির লেগ ওয়ানের ফাইনালে পৌঁছেছিল বাংলাদেশ কম্পাউন্ড পুরুষ দল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে সোনা জেতা হয়নি সেবার। সন্তুষ্ট থাকতে হয়েছিল রুপা জিতে।
পাঁচ বছর পর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপ আর্চারিতে আবারও রুপা নিশ্চিত করল বাংলাদেশ কম্পাউন্ড পুরুষ দল। ফাইনালে ভিয়েতনামকে হারাতে পারলে মিটতে পারে সোনার আক্ষেপও।
বাংলাদেশ সেমিফাইনালে উঠেছিল মালয়েশিয়াকে হারিয়ে। আজ সেমিফাইনালে হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের দল হারায় ভুটানকে। সমানতালের ম্যাচে শেষ পর্যন্ত বাংলাদেশের জয় ২৩২-২২৮ স্কোরে। তাতেই নিশ্চিত হয় ফাইনাল আর অন্তত রুপার পদক।
বাংলাদেশের নারী দল অবশ্য ১ পয়েন্টের ব্যবধানে শেষ আটে হেরে গেছে থাইল্যান্ডের কাছে। বন্যা আক্তার, ঝুমা আক্তার, কুলসুম আক্তাররা ২৩০-২২৯ পয়েন্টে হারায় ছিটকে যান পদকের লড়াই থেকে।
রিকার্ভ পুরুষ দলের আবদুর রহমান আলিফ, রাকিব মিয়া ও রামকৃষ্ণ সাহারা শেষ আটে ৬-০ স্কোরে হেরে গেছেন কাজাখস্তানের কাছে।

