এশিয়া কাপ আর্চারি
ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের সোনা জয়

পুরুষ কম্পাউন্ড দল সোনা জিতেছে এশিয়া কাপে। আনন্দটা উদযাপন করেছেন সবাই মিলে। ছবি: সংগৃহীত
এশিয়া কাপ আর্চারিতে কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে ভিয়েতনামকে হারিয়ে সোনা জিতেছে বাংলাদেশ। আজ কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে ভিয়েতনামকে ২৩১-২২৫ স্কোরে হারায় হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের দল।
এই ভিয়েতনামের কাছেই ফুটবলে গতকাল ৩-০ গোলে হেরেছেন হামজারা। প্রতিশোধটা নেওয়া হলো আর্চারিতে। গত বছর এই টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ একক ইভেন্টে সোনা জিতেছিলেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ।
থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়ান কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্টের (স্টেজ-১) শুরুর দুই সেটে ৫৭-৫৫, ৫৮-৫৬ ব্যবধানে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। তৃতীয় সেটে ভিয়েতনাম ৫৮-৫৭ পয়েন্টে জিতলেও চতুর্থ সেটে ৫৯-৫৬ স্কোরে জিতে বাজিমাত বাংলাদেশের।
২০২১ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়া কাপের লেগ ওয়ানে কম্পাউন্ড বিভাগে রুপা পেয়েছিল বাংলাদেশ। হেরেছিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। এবার ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশ জিতল সোনা।
বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দলের গড় স্কোর ছিল ৯.৬২। সবচেয়ে এগিয়ে থাকা হিমু বাছাড়ের গড় স্কোর ৯.৭৫। এর আগে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দল। এরপর সেমিফাইনালে তারা ভুটানকে হারায় ২৩২-২২৮ স্কোরে।

