রোনালদোকে সতর্ক করল সৌদি লিগ কর্তৃপক্ষ

ফাইল ছবি
পরিস্থিতি ক্রমেই আরও জটিল আকার নিচ্ছে। সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ স্পষ্টভাবে ক্রিস্টিয়ানো রোনালদোকে জানিয়ে দিয়েছে, কোনো ক্লাবের বিনিয়োগ পরিকল্পনায় খেলোয়াড়দের হস্তক্ষেপ করার সুযোগ নেই। বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে পর্তুগিজ তারকাকে সতর্কও করা হয়েছে। তবে সেই সতর্কবার্তা রোনালদো ভালোভাবে নেননি বলেই ইঙ্গিত মিলেছে। এরই ধারাবাহিকতায় তিনি পরবর্তী ম্যাচে আল ইত্তিহাদের বিপক্ষেও মাঠে না নামার সিদ্ধান্ত নিয়েছেন।
আল নাসরের সঙ্গে রোনালদোর টানাপোড়েনের সূত্রপাত মূলত জানুয়ারির দলবদলে ক্লাবটির নিষ্ক্রিয়তা নিয়ে। প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলো যেখানে বিপুল অর্থ ব্যয় করে নতুন খেলোয়াড় দলে ভেড়াচ্ছে, সেখানে আল নাসর কার্যত নীরব ভূমিকা পালন করছে। এই পরিস্থিতিতে অসন্তুষ্ট হয়ে রোনালদো গত সোমবার আল রিয়াদের বিপক্ষে ম্যাচে খেলেননি। যদিও তাঁকে ছাড়াই আল নাসর ১–০ গোলে জয় পেয়েছে।
ইএসপিএনের বরাত দিয়ে জানা গেছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) সৌদি লিগের ক্লাব ব্যবস্থাপনায় পরিবর্তন আনবে—এমন নিশ্চয়তা না পাওয়ায় রোনালদো টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের কথা ভাবছেন। আল নাসরের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা পিআইএফ একই সঙ্গে আল হিলালের ৭৫ শতাংশ শেয়ারের মালিক।
চলতি শীতকালীন দলবদলে আল হিলাল আল ইত্তিহাদ থেকে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমাকে দলে ভিড়িয়েছে। বিপরীতে রোনালদোর ক্লাব আল নাসর কোনো উল্লেখযোগ্য বিনিয়োগ করতে পারেনি। এ কারণেই পিআইএফের ভূমিকা নিয়ে রোনালদো ক্ষুব্ধ বলে জানা গেছে।
লিগ কর্তৃপক্ষের এক মুখপাত্র বিনিয়োগনীতির বিষয়টি তুলে ধরে বলেন, ‘কোনো নির্দিষ্ট ব্যক্তি যত গুরুত্বপূর্ণই হোন না কেন, ক্লাবের সিদ্ধান্ত ক্লাবই নেয়—এর বাইরে যাওয়ার সুযোগ নেই।’

