৪৫৫ রান ২২ ছক্কার ম্যাচে ভারতের বাজিমাত

রান উৎসবই হলো ক্রাইস্টচার্চে। নিউজিল্যান্ড-ভারতের পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দুই দল মিলে ২২ ছক্কায় করল ৪৫৫ রান। শেষ হাসিটা অবশ্য ভারতের। কিউইদের ২২৫ রানের চ্যালেঞ্জ ২ বল এবং ৪ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় শ্রেয়াস আইয়ারের দল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
দুই ওপেনার টিম সেইফার্ট (১৭ বলে ২৪) ও ফিন অ্যালেন (২৪ বলে ৪৫) ঝোড়ো সূচনা এনে দেন। চার নম্বরে নেমে ভারতীয় বোলারদের ওপর রীতিমতো ছড়ি ঘোরান গ্লেন ফিলিপস। মাত্র ৪০ বলে করেন অপরাজিত ৮২ রান। পুরুষদের টি-টোয়েন্টিতে এবারই প্রথম ভারতের একই ইনিংসে পাঁচজন বোলার ৪০ বা তার বেশি রান খরচ করেছেন।
জবাবে মাত্র ৫.৫ ওভারে ৯৩ রানের বিধ্বংসী ওপেনিং জুটি গড়েন সঞ্জু স্যামসন (৩৩ বলে ৬৭) আর অভিষেক শর্মা (১২ বলে ২৯)। ভারতের জয় তখন খুবই সহজ মনে হচ্ছিল। কিন্তু মাঝের ওভারগুলোতে কয়েকটি উইকেট হারালে শঙ্কা জাগে। তবে নমন ধীর ১৫ বলে ৫ চার ২ ছক্কায় অপরাজিত ৪২ রান করে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন।



