ভারতের কাছে হেরে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ

গ্রাফিকস: আগামীর সময়
সর্বশেষ সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই ভারতের কাছে গতকাল রবিবার এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছেন বাংলাদেশের যুবারা। তাই কোনো পয়েন্ট ছাড়াই টুর্নামেন্ট শেষ হলো লাল-সবুজের প্রতিনিধিদের।
উজবেকিস্তানের দস্তলিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ভারতের আক্রমণে রক্ষণ সামলাতে ব্যস্ত ছিল বাংলাদেশ। সুযোগ পেয়ে দ্রুত পাল্টা আক্রমণ করলেও ফল পায়নি তারা। ১৩ মিনিটে অ্যাডাম আব্বাসের কাটব্যাক থেকে ভালো সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু বক্সে বাংলাদেশের কেউ না থাকায় সেটি কাজে লাগেনি। এরপর ভারত একের পর এক আক্রমণ করতে থাকলে বাংলাদেশের রক্ষণের শেষ ভরসা হয়ে ওঠেন রাজ চৌধুরী। ২০ মিনিটে ঋষি সিংয়ের শক্তিশালী শট পা দিয়ে প্রতিহত করে দলকে বিপদমুক্ত করেন তিনি। তবে মাত্র পাঁচ মিনিট পরই হার মানেন বাংলাদেশের গোলরক্ষক। ফাঁকা জায়গায় বল পেয়ে বাঁ পায়ের শটে ভারতকে এগিয়ে দেন ড্যানি মেইতে।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর বদলে বাংলাদেশের পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। ৬০ মিনিটে দারুণ এক ওভারহেড কিকে ভারতের ব্যবধান ২–০ করেন বিশাল যাদব।
দুই গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ আক্রমণে ফেরার চেষ্টা করলেও ভারতের রক্ষণ ভাঙতে পারেনি। শেষ বাঁশি বাজার আগে বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মোহাম্মদ আরবাস। তার জোরালো শটে তৃতীয়বারের মতো বাংলাদেশের জালে বল জড়ায় ভারত।
প্রথম দুই ম্যাচ হারায় জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে চেয়েছিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত কোচ আতিকুর রহমান। কিন্তু ব্যর্থতার ষোলোকলাই পূর্ণ হলো এই হারে। ‘বি’ গ্রুপে তলানিতে থাকায় পরের আসরে মূল বাছাইপর্বে নয়, ডেভেলপমেন্ট পর্ব থেকে শুরু করতে হবে বাংলাদেশকে।





