এসি বাস সার্ভিস, নাকি মৃত্যুদূত?

সংগৃহীত ছবি
রাজধানীর গুলিস্তান থেকে ফরিদপুর রুটে যাত্রী পরিবহন করা বিআরটিসির এসি বাসটিই যেন দেশের গণপরিবহনের প্রতিচ্ছবি। ঢাকা মেট্রো-ব ১৫৪৯৯৩ নম্বরের বাসটি ভেতর-বাহির মিলে বেশ রুগ্ণ ও ভাঙাচোরা হলেও ঝুঁকি নিয়ে যাত্রী পরিবহন করছে নিয়মিতই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবিতে দেখা যায়, এসি সার্ভিস হিসেবে পরিচালিত বাসটির অবস্থা নাজুক। বাসটির সামনের অংশ ভাঙা, কসটেপ দিয়ে লাগানো হয়েছে সামনের গ্লাস। সামনের অকেজো হেডলাইটগুলোর নীচে লাগানো হয়েছে এলইডি লাইট।
বৃহস্পতিবার ওই বাসের তিনটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘সিট বেঁধে রাখতে হয় রশি দিয়ে যেন খুলে না পড়ে। এসি ভেন্টের ভেতর গুঁজে রাখতে হয় জীর্ন পর্দা। প্রায় বিধ্বস্ত বাসটির বাইরের খোলসে লিখা রয়েছে এটি একটি এসি বাস সার্ভিস তবে সম্ভবত মৃত্যুকূপ লিখলে যথাযথ হতো। আবার দেখুন নিজস্ব হেডলাইটগুলোও সম্ভবত অকেজো, ঠিক নীচেই কয়েকটি এলইডি লাইড প্যানেল লাগানো রয়েছে।’
তিনি আরো লিখেছেন, ‘এই বাসটি সরকারি সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি) এর শত শত বাসের মধ্যে একটি এবং বিআরটিসির বেশিরভাগ বাসেরই অবস্থা এমন বলে জানা গেছে।
সাধারণ নাগরিকদের এধরণের বাসে ভাড়া দিয়ে চলাচল করতে হলেও দেশের মন্ত্রী-আমলাদের কিন্তু নতুন মডেলের চকচকে ভি-এইট এসইউভি ছাড়া চলবেই না।’

