কারাগার কোনো মানুষের মৃত্যুকূপ হতে পারে না। আদালত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দিলে তিনি আইন অনুযায়ী শাস্তি ভোগ করবেন— এটাই স্বাভাবিক বিচারব্যবস্থার বিধান। কিন্তু বিচারাধীন একজন ব্যক্তি এখনো আইনের চোখে অপরাধী সাব্যস্ত নন। তার বিরুদ্ধে অভিযোগ আছে, বিচার চলছে; আদালতের চূড়ান্ত রায় হয়নি। ফলে একজন বিচারাধীন বন্দির কারাগারে থাকা মানে তার স্বাধীনতা সাময়িকভাবে সীমিত থাকা, জীবন ও মৌলিক মানবিক অধিকার হারিয়ে ফেলা নয়। অথচ ‘কারাগারে বেশি মৃত্যু বিচারাধীন বন্দিদের’ শিরোনামে দৈনিক আগামীর সময়ের বিশ...