প্রচারের সময় টাকা দেওয়া নিয়ে বিতর্ক, মানবিক কারণ দেখালেন শাহরিয়ার

ছবি: ফেসবুক থেকে নেওয়া
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবিরের একটি ভিডিও ফুটেজ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা–সমালোচনা চলছে। ভিডিওতে তাঁকে ভ্রাম্যমাণ বয়োজ্যেষ্ঠ এক পান বিক্রেতার হাতে এক হাজার টাকার নোট দিতে দেখা যায়।
টাকা দেওয়ার সময় শাহরিয়ারের হাতে ভোটের প্রচারপত্র ছিল। ঘটনাটি গত শনিবার রাজধানীর মিরপুর এলাকায়। জামায়াতে ইসলামীর আমির ঢাকা–১৫ আসন থেকে নির্বাচন করছেন। এ বিষয়ে আইনজীবী শাহরিয়ার কবির সোমবার নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, মানবিক দিক বিবেচনায় তিনি ওই অর্থ দিয়েছেন।
ভিডিওতে দেখা যায়, শাহরিয়ার কবির পান বিক্রেতাকে ব্যবসার অবস্থা জানতে চান। উত্তরে তিনি বলেন, মোটামুটি চলছে। কেন মোটামুটি, জানতে চাইলে বিক্রেতা বলেন, দেশের পরিস্থিতি ভালো নয়, মানুষ আতঙ্কে আছে। এ সময় শাহরিয়ার বলেন, আমরা তো আপনাদের জন্যই। তখন বিক্রেতা বলেন, নতুন সরকার এলে বোঝা যাবে, এখন তো সরকার নেই।
কথোপকথনের একপর্যায়ে শাহরিয়ার কবির সরকার, রিজিক এবং আল্লাহর ক্ষমতা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। বিক্রেতা তার জবাবে আল্লাহর কথা উল্লেখ করেন। আলাপের শেষ দিকে শাহরিয়ার কবির সেখান থেকে চলে যাওয়ার সময় ওই ব্যক্তির হাতে এক হাজার টাকার নোট গুঁজে দেন।
এ ঘটনায় সোমবার রাত ৮টা ২২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন শাহরিয়ার কবির। সেখানে তিনি লেখেন, গত শনিবার মিরপুর এলাকায় জামায়াতের সমর্থনে গণসংযোগের সময় ওই পান ও সিগারেট বিক্রেতার সঙ্গে কথা বলে জানতে পারেন, সারা দিনে তেমন বিক্রি হয়নি। তাই সবার সামনে ক্যামেরার উপস্থিতিতেই মানবিক কারণে তিনি এক হাজার টাকা দেন।
স্ট্যাটাসে তিনি আরও বলেন, একই স্থানে শিশুদের খেলাধুলার জন্যও কিছু টাকা উপহার দিয়েছেন এবং গণমাধ্যমকে অনুরোধ করেছেন বিষয়টিকে অন্যভাবে না দেখতে। কিন্তু তাঁর অভিযোগ, জুলকারনাইন সায়ের খানসহ বিভিন্ন গণমাধ্যম মানবিক সহায়তাকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছে। এতে তিনি মর্মাহত বলে উল্লেখ করেন। কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থনাও করেন।

