কঠোর হচ্ছে ইউটিউব থেকে আয়ের শর্ত

সংগৃহীত ছবি
জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব তার কন্টেন্ট ক্রিয়েটরদের আয়ের শর্ত আরও কঠিন করতে যাচ্ছে। বিশেষ করে ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশনের মাধ্যমে আয় করার নিয়ম আরও কঠিন হবে। নতুন নিয়মে ইউটিউব থেকে আয় করতে হলে বর্তমানের তুলনায় দ্বিগুণ ওয়াচটাইম বা শর্টস ভিউ অর্জন করতে হবে।
সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। নিয়মটি আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছে ইউটিউব।
নতুন নিয়ম অনুযায়ী, বিজ্ঞাপন থেকে আয় করতে হলে সবশেষ ১২ মাসে অন্তত ৮ হাজার ঘণ্টা ওয়াচটাইম অথবা ৯০ দিনে ২ কোটি শর্টস ভিউয়ের প্রয়োজন হবে। বর্তমানে এই শর্ত যথাক্রমে চার হাজার ঘণ্টা ও এক কোটি শর্টস ভিউ। তবে ১ হাজার সাবস্ক্রাইবার থাকার শর্তটি আগের মতোই বহাল থাকছে।
মনিটাইজেশন থাকা পুরোনো নির্মাতাদেরও শর্টস থেকে নিয়মিত আয় সচল রাখতে ৯০ দিনে অন্তত ১ কোটি ভিউ বজায় রাখতে হবে। নির্ধারিত সময়ে ভিউয়ের নিচে নামলে শর্টসের আয় সাময়িক বন্ধ হলেও চ্যানেল মনিটাইজড থাকবে এবং ভিউ পুনরায় পূরণ হলে আয় স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।
ইউটিউব বলছে, শর্টস থেকে ভালো আয় করা চ্যানেলগুলোতে নতুন নিয়মের কোনো প্রভাব পড়বে না। তবে নতুন সীমার নিচে থাকা চ্যানেলের সংখ্যা জানায়নি তারা।
গুগলের মালিকানাধীন প্ল্যাটফর্মটি জানায়, যেসব দেশে ইউটিউব প্রিমিয়াম সেবা চালু আছে, সেখানে তুলনামূলক কম খরচের প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন সেবাও সম্প্রসারণ করা হচ্ছে।
ক্রিয়েটরদের দেখার সময় ও ভিউয়ের ভিত্তিতে এই সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ দেওয়া হবে। এর মধ্যে দীর্ঘ ভিডিও নির্মাতারা পাবেন ৫৫ শতাংশ এবং শর্টস নির্মাতাদের ভাগ্যে জুটবে ৪৫ শতাংশ।
ঘোষণায় ইউটিউব জানায়, ক্রমবর্ধমান জনপ্রিয়তার সঙ্গে তাল মিলিয়ে এসব পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে প্রতিদিন ইউটিউবে ২০০ বিলিয়নের বেশি শর্টস ভিডিও দেখা হয়। পাশাপাশি, টেলিভিশনে প্রতিদিন ইউটিউবের ভিডিও দেখার সময়ও এক বিলিয়ন ঘণ্টার বেশি।




