ট্যাগ দিয়ে শিবির আমাকে হয়রানি করছে, অভিযোগ মোনামীর

ঢাবি শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের কর্মী-সমার্থকদের বিরুদ্ধে ‘হয়রানির’ অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী।
গতকাল শুক্রবার রাতে নিজের ফেসবুক পোস্টে শিক্ষক মোনামী অভিযোগ করেছেন, অনবরত ট্যাগ করে তাকে হয়রানি করা হচ্ছে। তার এই পোস্টে এখন পর্যন্ত প্রায় ৮ হাজার মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছেন। বেশিরভাগই হাসির প্রতিক্রিয়া।
ফেসবুক পোস্টে শেহরীন আমিন মোনামীর অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী, যাদের মধ্যে একজন শিবির সমর্থক বা শিবিরের সঙ্গে যুক্ত, ক্লাসের মেয়েদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। সেই হয়রানির তালিকায় তাকেও রাখা হয়েছে।
ফেসবুক পোস্টে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে মোনামী জানিয়েছেন, ফেসবুকে ঢুকে বিষয়টি সম্পর্কে জানতে পারেন তিনি। পরে একজন শিক্ষার্থীর কাছ থেকে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের বিস্তারিত তথ্য নেন। তাদের বিরুদ্ধে অভিযোগ করার জন্য নিজের দিক থেকে যত ধরনের ব্যবস্থা নেওয়া সম্ভব, তা নেওয়ার সিদ্ধান্তও নেন তিনি।
ঢাবি শিক্ষক মোনামী বলেছেন, ‘এ কাজ যারা করছেন, তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পলিটিকাল রাইভেল যেহেতু.. তার উপর আমি যেহেতু আগে শিবিরকে ভালো বলেছি, তাই আমাকে এখন আবার নতুন করে নাজেহাল না করলে কি রাত কাটবে?’
‘তাদের কেউ সরাসরি হয়রানি করছে, আবার কেউ পরোক্ষভাবে। কিন্তু একজন নারীকে হয়রানি করার জন্য একটি বিষয় পেলেই তাদের উদ্দেশ্য পূরণ হয়। ওই নারী কে, সেটি তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়’, পোস্টে যোগ করেন মোনামী।
নিজের শিক্ষার্থীদের প্রসঙ্গ টেনে মোনামী বলেছেন, ‘এদেরকেই নাকি আমি আবার পড়াই! কী হাস্যকর!’
চাকরি প্রসঙ্গে হতাশা প্রকাশ করে তিনি বলেছেন, মাঝে মাঝে সত্যিই মনে হয়, এই চাকরি ও উপার্জন তার খুব বেশি প্রয়োজন বলেই হয়তো এমন মানুষদের পড়ানো চালিয়ে যাচ্ছেন। তা না হলে কেন তিনি এখনো এই কাজ করছেন, সেটিও ভাবেন তিনি।





