চাঁদাবাজি বন্ধে এমপি হাসনাতের গণভিক্ষা কর্মসূচি

হাসনাত আব্দুল্লাহ। ছবি: ফেসবুক থেকে নেওয়া
রাজধানী ঢাকায় গত কয়েক দিনে একাধিক দখলচেষ্টা-হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসবের কোনো কোনো ঘটনার সঙ্গে চাঁদাবাজির বিষয় যুক্ত রয়েছে বলে আলোচনা রয়েছে।
এসব ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতারাও। তাদের মধ্যে অন্যতম একজন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি গণভিক্ষা কর্মসূচির আয়োজনের মাধ্যমে একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।
আজ সোমবার বিকাল ৪টায় রাজধানীর বাংলামোটরে কর্মসূচি উপলক্ষে চালু করা হবে দানবক্স। আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন এনসিপির এ এমপি।
হাসনাত লিখেছেন, ‘১৭ বছর ধরে সরকারদলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি!’
‘ভিক্ষা দিন— আপনার ১ টাকাই হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখবে।’
জুলাই গণঅভ্যুত্থানের এ নেতা আরও লিখেছেন, “চাঁদাবাজির বিকল্প হিসেবে আজ ‘পুনর্বাসন দানবক্স’ চালু করা হবে। সেই প্রকল্পের অংশ হিসেবে আজ বিকাল ৪টায় বাংলামোটরে উন্মুক্ত করা হবে বিশেষ দানবাক্স।”
‘দান করুন, চাঁদাবাজি বন্ধ করুন, সতেরো বছরের অভুক্ত চাঁদাবাজদের জাতীয় পুনর্বাসনে আপনিও অংশ নিন।’



