মিডিয়াকর্মীরা ‘জাহান্নামে যাবে’ বলে সমালোচনার মুখে সরকারি চিকিৎসক

ডা. মিজানুর রহমান—ফাইল ছবি
‘আমার মনে হয় কিয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’— আজ বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান।
তার এই বিতর্কিত মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে উপজেলার সাংবাদিক মহলে। ক্ষোভ প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারাও।
তালা প্রেস ক্লাবের সভাপতি সেলিম হায়দার জানান, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ হিসেবে কাজ করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং অনিয়ম-দুর্নীতি তুলে ধরাই সাংবাদিকদের প্রধান দায়িত্ব। মিডিয়াকর্মীদের নিয়ে ঢালাও মন্তব্য অত্যন্ত নিন্দনীয়।
সাংবাদিক নেতারা অবিলম্বে ওই স্বাস্থ্য কর্মকর্তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।
এ বিষয়ে জানতে ডা. মিজানুর রহমানের ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
তবে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাতক্ষীরার সিভিল সার্জন মো. আবদুস সালাম। তিনি বলেছেন, ‘একজন দায়িত্বশীল চিকিৎসক বা কর্মকর্তা কখনো সাংবাদিকদের নিয়ে এমন মন্তব্য করতে পারেন না। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’



