রিযিকের দরজা সংকোচিত হওয়ার দশ কারণ
- যেসব গুনাহ রিযিকের দরজা বন্ধ করে দেয়
- যে কারণে আপনার রিযিক কমে যাচ্ছে

সংগৃহীত ছবি
অদৃশ্য এক সুতোয় বাঁধা আমাদের জীবন। আমরা ভাবি রিযিক মানেই টাকা, সম্পদ, উপার্জন; কিন্তু ইসলাম আমাদের শেখায়, রিযিক শুধু পকেটের ভরাটের নাম নয়; বরং হৃদয়ের প্রশান্তি, জীবনের বারাকাহ, সময়ের কল্যাণ এবং সম্পর্কের উষ্ণতা; এর সবই রিযিকের অংশ। অনেক সময় দেখা যায়, আয় বাড়ছে কিন্তু শান্তি কমছে, সুযোগ আসছে কিন্তু স্থায়িত্ব নেই। এ যেন এক অদৃশ্য সংকোচন। পবিত্র কুরআন ও হাদিসের বাণীগুলো আমাদের সামনে স্পষ্ট করে দেয় যে, এমন কিছু গুনাহ রয়েছে যেগুলো মানুষের রিযিককে সংকুচিত করে দেয়, বারাকাহ কেড়ে নেয় এবং জীবনে অস্থিরতা ডেকে আনে।
বক্ষমান প্রবন্ধে এমন কিছু গুনাহর আলোচনা করা হলো, যেগুলো থেকে বেঁচে থাকা শুধু নৈতিক দায়িত্বই নয়, বরং নিজের রিযিককে সুরক্ষিত রাখার একটি গুরুত্বপূর্ণ উপায়ও বটে।
এক. সুদ বা রিবা
সুদ এমন এক ভয়াবহ পাপ, যার বিরুদ্ধে মহান আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করেছেন। যেখানে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, সেখানে কল্যাণ বা বারাকাহ থাকার প্রশ্নই ওঠে না। পবিত্র কুরআনে এসেছে: “তোমরা যদি তা (সুদ ত্যাগ) না করো, তবে আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে নাও” (সূরা আল-বাকারা, আয়াত: ২৭৯)।
দুই. অকৃতজ্ঞতা
শুকরগুজার না হওয়া তথা অকৃতজ্ঞতা মানুষের অর্জিত নেয়ামতকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। মহান আল্লাহ স্পষ্ট বলেছেন: “তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর অকৃতজ্ঞ হলে আমার শাস্তি কঠিন” (সূরা ইবরাহীম, আয়াত ৭)। তাই রিযিক টিকিয়ে রাখতে হলে সর্বদা শুকরিয়া আদায় করার মানসিকতা লালন করতে হবে। শুধু মুখে ‘আলহামদুলিল্লাহ’ বলা নয়, বরং অন্তরের অবস্থা কৃতজ্ঞতায় ভরপুর হওয়া জরুরি।
তিন. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা
রিযিক সংকুচিত হওয়ার একটি বড় কারণ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। রাসূলুল্লাহ (সা.) বলেছেন: “যে ব্যক্তি তার রিযিক বৃদ্ধি ও আয়ু বৃদ্ধি কামনা করে, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে” (বুখারি, হাদিস: ২৯৮৬)।
চার. অসততা ও প্রতারণা
অসততা ও প্রতারণা এমন দুইটি বিষয় যা হালাল রিযিক আহরণের অন্যতম মাধ্যম ব্যবসা-বাণিজ্যে মারাত্মক প্রভাব ফেলে। সাময়িক লাভ হলেও এতে বারাকাহ উঠে যায়। মহানবী (সা.) বলেছেন: “যে প্রতারণা করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়” (মুসলিম, হাদিস : ১০২)।
পাঁচ. সালাতের অবহেলা
সালাত বা নামাজের প্রতি অবহেলা মানুষের জীবনের কেন্দ্রবিন্দুকে দুর্বল করে দেয়। সালাত শুধু ইবাদত নয়, বরং রিযিকের বারাকাহের অন্যতম উৎস। যখন মানুষ আল্লাহর সাথে সম্পর্ক শিথিল করে, তখন দুনিয়ার ক্ষেত্রেও সংকোচন আসে।
ছয়. গীবত
গীবত বা পরনিন্দা মানুষের নেক আমলকে নষ্ট করে এবং জীবনের কল্যাণ কমিয়ে দেয়। পবিত্র কুরআনে এটিকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে (সূরা হুজুরাত, আয়াত: ১২)।
সাত. অহংকার
অহংকার বা আত্মগরিমা মানুষের অন্তরকে কঠিন করে এবং আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। রাসূল (সা.) বলেছেন: “যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না” (মুসলিম, হাদিস: ৯১)। অহংকার রিযিককে উপহার হিসেবে না দেখে নিজের কৃতিত্ব মনে করতে শেখায়, যা বারাকাহ নষ্ট করে।
আট. যাকাত না দেয়া
যাকাত আটকে রাখা সম্পদের পবিত্রতা নষ্ট করে দেয়। পবিত্র কুরআনে কঠোরভাবে সতর্ক করে বলা হয়েছে যে, যারা স্বর্ণ-রূপা সঞ্চয় করে এবং আল্লাহর পথে ব্যয় করে না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি (সূরা তাওবা, আয়াত : ৩৪-৩৫)।
নয়. অধীনস্থদের ওপর জুলুম করা
কর্মচারী বা অধীনস্থদের ওপর জুলুম করা রিযিকের ওপর সরাসরি আঘাত হানে। মহানবী (সা.) বলেছেন: “মজদুরের মজুরি তার ঘাম শুকানোর আগেই পরিশোধ করো” (ইবন মাজাহ, হাদিস: ২৪৪৩)।
দশ. বাবা-মাকে অবহেলা করা
পিতা-মাতাকে অবহেলা করা শুধু নৈতিক ব্যর্থতা নয়, বরং রিযিক সংকুচিত হওয়ার কারণও। কারণ তাদের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির সাথে সম্পর্কিত।
আমাদের মনে রাখতে হবে যে, রিযিক কেবল উপার্জনের বিষয় নয়, বরং এটি একটি আধ্যাত্মিক বাস্তবতা। গুনাহ রিযিককে সংকুচিত করে, আর তাকওয়া ও নেক আমল তাকে প্রশস্ত করে। তাই আমাদের প্রয়োজন শুধু বেশি উপার্জনের চেষ্টা নয়, বরং এমন জীবন গঠন করা, যেখানে আল্লাহর সন্তুষ্টিই হবে রিযিকের প্রকৃত চাবিকাঠি।
মহান আল্লাহ আমাদের সকলকে হালাল রিযিক উপার্জনের তাওফিক দান করুন। আমীন
লেখক: প্রাবন্ধিক ও অনুবাদক
saifpas352@gmail.com

