পরিবারের জন্য খরচে একসঙ্গে দুটো সওয়াব

প্রতীকী ছবি
আমরা সাধারণত বুঝে থাকি দান মানেই হলো নিজের ঘরের বাইরে কোনো অসহায় মানুষের হাতে অর্থ তুলে দেওয়া। অথচ ইসলামের শিক্ষা আরও বিস্তৃত। দানের আগে দেখতে হবে, আমার ওপর কার অধিকার রয়েছে। পরিবারের প্রয়োজন পূরণ করা শুধু সংসারের খরচ নয়; আল্লাহর সন্তুষ্টির নিয়তে করলে সেই ব্যয়ও সদকার মর্যাদা পেতে পারে। ফলে একজন মানুষ নিজের পরিবারের জন্য ব্যয় করার মাধ্যমে একই সঙ্গে সদকার সওয়াব এবং পারিবারিক দায়িত্ব ও সম্পর্ক রক্ষার সওয়াব অর্জন করতে পারেন।
এ বিষয়ে আবু সাঈদ খুদরি (রা.) বর্ণিত একটি হাদিস বিশেষ তাৎপর্যপূর্ণ। এক ঈদের দিন রাসুলুল্লাহ (সা.) নারীদের সদকা করার প্রতি উৎসাহিত করেন। তখন ইবনে মাসউদ (রা.)-এর স্ত্রী যায়নাব (রা.) এসে বলেন, তার অলংকার রয়েছে, তিনি তা সদকা করতে চান। কিন্তু তার স্বামী মনে করেন, তার সদকার ক্ষেত্রে স্বামী ও সন্তানরাই বেশি হকদার। তখন রাসুলুল্লাহ (সা.) বললেন,
«صَدَقَ ابْنُ مَسْعُودٍ، زَوْجُكِ وَوَلَدُكِ أَحَقُّ مَنْ تَصَدَّقْتِ عَلَيْهِمْ»
‘ইবনে
মাসউদ ঠিকই বলেছে। তোমার স্বামী ও তোমার সন্তানই তোমার সদকার অধিক হকদার।’
(বুখারি, হাদিস :
১৪৬৬)
হাদিসটি আমাদের ব্যয়ের অগ্রাধিকার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। একজন স্ত্রী যেমন সামর্থ্য অনুযায়ী স্বামী-সন্তানের প্রয়োজন পূরণ করতে পারেন, তেমনি একজন স্বামীর ওপরও স্ত্রী ও সন্তানদের ভরণপোষণের দায়িত্ব রয়েছে। পরিবারকে না খাইয়ে, তাদের প্রয়োজন অপূর্ণ রেখে বাইরে দান করে দেওয়া ইসলামের ভারসাম্যপূর্ণ শিক্ষা নয়। বরং যাদের ভরণপোষণের দায়িত্ব আমার ওপর, তাদের অধিকার আদায় করেই অতিরিক্ত সম্পদ থেকে অন্যদের সাহায্য করা উচিত।
রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন,
إِنَّ الْمُسْلِمَ إِذَا أَنْفَقَ عَلَى أَهْلِهِ نَفَقَةً وَهُوَ يَحْتَسِبُهَا كَانَتْ لَهُ صَدَقَةً
‘মুসলিম ব্যক্তি সওয়াবের আশায় তার পরিবার-পরিজনের জন্য যা কিছু
খরচ করবে তা সবই তার জন্য সদকা অর্থাৎ দান হিসেবে গণ্য হবে।’
(মুসলিম, হাদিস :
১০০২)
এই হাদিস সংসারের সাধারণ ব্যয়কেও ইবাদতের মর্যাদা দেওয়ার পথ দেখায়। সন্তানের খাবার কেনা, স্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করা, পরিবারের প্রয়োজনীয় পোশাক-পরিচ্ছদ দেওয়া কিংবা তাদের জীবনযাত্রার বৈধ প্রয়োজন পূরণ করা; সবই আল্লাহর সন্তুষ্টির নিয়তে সওয়াবের কাজ হতে পারে।
তাই পরিবারে ব্যয়কে শুধু আর্থিক বোঝা হিসেবে দেখা উচিত নয়। হালাল উপার্জন থেকে ভালো নিয়তে পরিবারের জন্য ব্যয় করলে একই অর্থে দুটি কল্যাণ একত্র হতে পারে: প্রিয়জনের হক আদায় এবং সদকার সওয়াব। ইসলামের এই নান্দনিক রীতিটি অনুসরন করতে পারলে সংসারের ভালোবাসা, দায়িত্ববোধ ও ইবাদত একসূত্রে গাঁথা হয়ে যায়।
লেখক: আলেম ও সাংবাদিক



