আগামীর সময়

এক বছরে দুই রোজা, তিন ঈদ—কীভাবে সম্ভব?

এক বছরে দুই রোজা, তিন ঈদ—কীভাবে সম্ভব?

সংগৃহীত ছবি

মানুষ সাধারণত প্রতি বছর একটি রমজান ও একটি ঈদুল ফিতর উদ্‌যাপন করে। কিন্তু ২০৩০ সালে ঘটতে যাচ্ছে এক বিরল ঘটনা, সেই বছরে দুটি রমজান ও দুটি ঈদুল ফিতর পালিত হবে। অর্থাৎ, একই বছরে মুসলমানরা উদ্‌যাপন করবে তিনটি ঈদ—দুটি ঈদুল ফিতর ও একটি ঈদুল আজহা।

চন্দ্র বিশেষজ্ঞদের মতে, এই ঘটনাটি সম্পূর্ণভাবে ইসলামি চান্দ্র ক্যালেন্ডারের বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত। ইসলামি বছর সৌর বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন ছোট। ফলে প্রতি বছর রমজান মাস আগের বছরের তুলনায় এগিয়ে আসে।

এই হিসাব অনুযায়ী, ২০৩০ সালের শুরুতেই জানুয়ারিতে একটি রমজান শুরু হবে। এরপর বছরের শেষে, ডিসেম্বর মাসে আবারও শুরু হবে আরেকটি রমজান। ফলে একই বছরের মধ্যে দুইবার রমজান পালনের সুযোগ তৈরি হবে।

দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের প্রধান হাসান আহমেদ আল হারিরি জানিয়েছেন, সৌর ক্যালেন্ডার ও চান্দ্র ক্যালেন্ডারের পার্থক্যের কারণেই এমন ঘটনা ঘটে। প্রায় প্রতি ৩৩ বছর পর এই বিরল মিল দেখা যায়, যখন চান্দ্র বছরের মাসগুলো সৌর বছরের সঙ্গে এমনভাবে মিলে যায় যে, একই বছরে দুইবার রমজান পড়ে।

এর আগে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯৯৭ সালে। ওই বছরও জানুয়ারির শুরুতে একবার এবং ডিসেম্বরের শেষে আরেকবার রমজান এসেছিল। তাই ২০৩০ সাল হতে যাচ্ছে মুসলমানদের জন্য এক ব্যতিক্রমী বছর—যেখানে থাকবে দুইবার সিয়াম সাধনার সুযোগ, আর ঈদের আনন্দও আসবে তিনবার।

    শেয়ার করুন: