কিয়ামতের দিন নিরাপদ আশ্রয় পাবেন যারা

প্রতীকী ছবি
কিয়ামতের দিন মানুষকে অত্যন্ত ভয়াবহ ও কঠিন পরিস্থিতির সম্মুখিন হতে হবে। সেদিন মানুষ নিজের পরিণতি নিয়ে উদ্বিগ্ন থাকবে। সূর্য মানুষের অতি নিকটে চলে আসবে এবং অসহনীয় গরমে সবাই কষ্ট পেতে থাকবে। এমন কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা তার বিশেষ অনুগ্রহে কিছু সৌভাগ্যবান মানুষকে আরশের ছায়ায় আশ্রয় দেবেন। রাসুলুল্লাহ (সা.) হাদিসে এমন সাত শ্রেণির মানুষের পরিচয় তুলে ধরেছেন, যাঁরা দুনিয়ায় বিশেষ কিছু গুণ ও আমলের মাধ্যমে এই বিরল মর্যাদা অর্জন করবেন। হাদিসে বর্ণিত হয়েছে-
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ سَبْعَةٌ يُظِلُّهُمْ اللهُ فِي ظِلِّهِ يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّهُ الْإِمَامُ الْعَادِلُ وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ وَرَجُلَانِ تَحَابَّا فِي اللهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللهَ وَرَجُلٌ تَصَدَّقَ أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ وَرَجُلٌ ذَكَرَ اللهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ.
আবূ হুরাইরাহ্ (রা.) হতে বর্ণিত। নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দিন আল্লাহর (রহমতের) ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না,
সেদিন সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা তাঁর
নিজের (আরশের) ছায়ায় আশ্রয় দিবেন।
১. ন্যায়পরায়ণ শাসক,
২. সে যুবক যার জীবন গড়ে উঠেছে তার প্রতিপালকের
ইবাদতের মধ্যে,
৩. সে ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত
রয়েছে,
৪. সে দু’ব্যক্তি যারা পরস্পরকে ভালবাসে আল্লাহর
ওয়াস্তে, একত্র হয় আল্লাহর
জন্য এবং পৃথকও হয় আল্লাহর জন্য,
৫. সে ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় রূপসী নারী
আহবান জানায়, কিন্তু
সে এ বলে প্রত্যাখ্যান করে যে, ‘আমি আল্লাহকে ভয় করি’,
৬. সে ব্যক্তি যে এমন গোপনে দান করে যে,
তার ডান হাত যা খরচ করে বাম হাত তা জানে
না,
৭. সে ব্যক্তি যে নির্জনে আল্লাহর যিকর করে,
ফলে তার দু’চোখ দিয়ে অশ্রুধারা বইতে থাকে।
(বুখারি, হাদিস : ৬৬০)
আসুন, আমরা নিজেদের জীবনকে এই সাত শ্রেণির মানুষের গুণাবলিতে গড়ে তোলার চেষ্টা করি। ন্যায়পরায়ণতা, ইবাদত, মসজিদের প্রতি ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, পাপ থেকে আত্মসংযম, গোপনে দান এবং নির্জনে আল্লাহর স্মরণে চোখের পানি ফেলার অভ্যাস গড়ে তুলি। আশা করি, মহান আল্লাহ আমাদেরও কিয়ামতের কঠিন দিনে তাঁর আরশের ছায়ায় আশ্রয়প্রাপ্ত সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করবেন। আমিন।



