হাদিসের কথা
জান্নাত কী দিয়ে তৈরি?

প্রতীকী ছবি
মানুষের ঈমানি জীবনে কখনো আধ্যাত্মিক আবেগ ও ইবাদতের প্রতি গভীর আগ্রহ তৈরি হয়, আবার কখনো পরিবার-পরিজন, সন্তানসন্ততি ও দুনিয়াবি ব্যস্ততার কারণে সেই আবেগে কিছুটা ভাটা পড়ে। সাহাবায়ে কেরামও নিজেদের ঈমানি অবস্থার এমন পরিবর্তন নিয়ে চিন্তিত হতেন। তাঁরা মনে করতেন, দুনিয়াবি ব্যস্ততা ও পারিবারিক জীবনে ফিরে যাওয়ার কারণে তাঁদের ইবাদতের একাগ্রতা কমে যাচ্ছে কি না। এ বিষয়ে তাঁরা রাসুলুল্লাহ (সা.)-এর কাছে জানতে চাইলে তিনি মানুষের স্বাভাবিক জীবনযাপন, তওবা-ইস্তিগফারের গুরুত্ব, জান্নাতের নেয়ামত এবং মজলুমের দোয়ার মর্যাদা সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা দেন।
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ مَا لَنَا إِذَا كُنَّا عِنْدَكَ رَقَّتْ قُلُوبُنَا وَزَهِدْنَا فِي الدُّنْيَا وَكُنَّا مِنْ أَهْلِ الآخِرَةِ فَإِذَا خَرَجْنَا مِنْ عِنْدِكَ فَآنَسْنَا أَهَالِيَنَا وَشَمَمْنَا أَوْلاَدَنَا أَنْكَرْنَا أَنْفُسَنَا . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَوْ أَنَّكُمْ تَكُونُونَ إِذَا خَرَجْتُمْ مِنْ عِنْدِي كُنْتُمْ عَلَى حَالِكُمْ ذَلِكَ لَزَارَتْكُمُ الْمَلاَئِكَةُ فِي بُيُوتِكُمْ وَلَوْ لَمْ تُذْنِبُوا لَجَاءَ اللَّهُ بِخَلْقٍ جَدِيدٍ كَىْ يُذْنِبُوا فَيَغْفِرَ لَهُمْ " . قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مِمَّ خُلِقَ الْخَلْقُ قَالَ " مِنَ الْمَاءِ " . قُلْنَا الْجَنَّةُ مَا بِنَاؤُهَا قَالَ " لَبِنَةٌ مِنْ فِضَّةٍ وَلَبِنَةٌ مِنْ ذَهَبٍ وَمِلاَطُهَا الْمِسْكُ الأَذْفَرُ وَحَصْبَاؤُهَا اللُّؤْلُؤُ وَالْيَاقُوتُ وَتُرْبَتُهَا الزَّعْفَرَانُ مَنْ يَدْخُلْهَا يَنْعَمْ وَلاَ يَبْأَسْ وَيُخَلَّدْ وَلاَ يَمُوتْ لاَ تَبْلَى ثِيَابُهُمْ وَلاَ يَفْنَى شَبَابُهُمْ " . ثُمَّ قَالَ " ثَلاَثَةٌ لاَ تُرَدُّ دَعْوَتُهُمُ الإِمَامُ الْعَادِلُ وَالصَّائِمُ حِينَ يُفْطِرُ وَدَعْوَةُ الْمَظْلُومِ يَرْفَعُهَا فَوْقَ الْغَمَامِ وَتُفَتَّحُ لَهَا أَبْوَابُ السَّمَاءِ وَيَقُولُ الرَّبُّ عَزَّ وَجَلَّ وَعِزَّتِي لأَنْصُرَنَّكِ وَلَوْ بَعْدَ حِينٍ " .
“আবূ হুরাইরাহ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসুল আমাদের কি হলো যে, আমরা দুনিয়ার প্রতি উদাসীন হয়ে যাই এবং আমাদেরকে পরকালবাসীদের অন্তর্ভুক্ত মনে করতে থাকি। তারপর আপনার কাছ থেকে সরে গিয়ে পরিবার-পরিজনের নিকট ফিরে গিয়ে দুনিয়াবী কাজে জড়িয়ে পড়ি এবং সন্তানাদির সুগন্ধ পেতে থাকি, তখন আমাদের অবস্থা সম্পূর্ণ উল্টো হয়ে যায়।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে অবস্থায় আমার নিকট হতে বেরিয়ে যাও, সবসময় যদি সেই অবস্থায় থাকতে তাহলে ফেরেশতারা তোমাদের বাড়ীতে গিয়ে তোমাদের সাথে সাক্ষাৎ করতো। আর তোমরা অপরাধ না করলে আল্লাহ তাআলা নতুন প্রাণী সৃষ্টি করতেন। যাতে তারা অপরাধ করে আর তিনি তাদেরকে ক্ষমা করেন।
আবু হুরাইরাহ (রা.) বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)! কি দিয়ে প্রাণী সৃষ্টি করা হয়েছে? তিনি বললেন, পানি দিয়ে। আমি আবার জিজ্ঞেস করলাম, কি দিয়ে জান্নাত তৈরি করা হয়েছে? তিনি বললেন, সোনা-রুপার ইট দিয়ে। একটি রূপার ইট, তারপর একটি সোনার ইট, এভাবে গাথা হয়েছে। এর গাথুনির উপকরণ (চুন-সুরকি-সিমেন্ট) সুগন্ধি মৃগনাভি এবং কংকরসমূহ মণি-মুক্তার ও মাটি হলো জাফরান। জান্নাতে প্রবেশকারী লোক অত্যন্ত সুখ-স্বাচ্ছন্দে থাকবে, কোনো দুঃখ-কষ্ট ও অভাব-অনটন তাকে স্পর্শ করবে না। সে অনন্তকাল এতে অবস্থান করবে আর মৃত্যুবরণ করবে না। না তার পরনের পোশাক পুরাতন হবে আর না তার যৌবনকাল শেষ হবে (অনন্তযৌবনা হবে)।
তিনি পুনরায় বললেন, তিনজনের দোয়া ফিরিয়ে দেয়া হয়না, (১) ন্যায়পরায়ণ শাসকের দোয়া, (২) রোযাদারের ইফতারের সময়কালীন দোয়অ এবং (৩) মাজলুমের দোয়া। আল্লাহ তাআলা একে (মাজলুমের দোয়াকে) মেঘমালার উপর তুলে নেন, তার জন্য আকাশের দরজাসমূহ উন্মুক্ত হয়ে যায় এবং আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জত ও সম্মানের শপথ! কিছু দেরিতে হলেও আমি তোমাকে সাহায্য করবো।” (তিরমিজি, হাদিস : ২৫২৬)
এ হাদিসে মানুষের স্বাভাবিক জীবনযাপন ও ঈমানি অবস্থার মধ্যে ভারসাম্য রক্ষার শিক্ষা রয়েছে। পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো, সন্তানদের স্নেহ করা এবং বৈধ দুনিয়াবি কাজে অংশ নেওয়া ঈমানের পরিপন্থী নয়। বরং ইসলাম দুনিয়া ও আখিরাতের মধ্যে ভারসাম্যপূর্ণ জীবন গড়তে উৎসাহিত করে। একই সঙ্গে মানুষ ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয়; তাই অপরাধ হয়ে গেলে হতাশ না হয়ে আন্তরিকভাবে তওবা করে আল্লাহর ক্ষমা প্রার্থনা করতে হবে। হাদিসে জান্নাতের চিরস্থায়ী নেয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, যা মুমিনকে আখিরাতমুখী হতে অনুপ্রাণিত করে। পাশাপাশি ন্যায়পরায়ণ শাসক, রোজাদার ও মজলুমের দোয়ার বিশেষ মর্যাদা তুলে ধরে বোঝানো হয়েছে, আল্লাহর কাছে কোনো মজলুমের ফরিয়াদ উপেক্ষিত হয় না। তাই অন্যের প্রতি জুলুম থেকে বিরত থাকা এবং মজলুমের অধিকার রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব।



