জনকল্যাণের কাজে কী আল্লাহ সন্তুষ্ট হন?

প্রতীকী ছবি
ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদত-বন্দেগির ধর্ম নয়; ইসলাম মানবকল্যাণ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়িত্ববোধের এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থার নাম। একজন মুমিনের দায়িত্ব শুধু নিজের ইবাদত ও আত্মশুদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং পরিবার, প্রতিবেশী ও সমাজের মানুষের কল্যাণেও তাকে ভূমিকা রাখতে হয়। ক্ষুধার্তকে খাবার দেওয়ার চেষ্ঠা করা, অসহায়কে সহযোগিতা করা, অসুস্থ ব্যক্তির সেবা করা, দরিদ্রের পাশে দাঁড়ানো এবং সমাজের উপকারী কাজে অংশগ্রহণ করা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল। এসব কাজের মাধ্যমে মানুষ যেমন উপকৃত হয়, তেমনি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনেরও সুযোগ সৃষ্টি হয়।
পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা মুমিনদের পারস্পরিক সহযোগিতার নির্দেশ দিয়ে বলেছেন, ‘তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অন্যকে সহযোগিতা করো। আর পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অন্যকে সহযোগিতা করো না।’ (সুরা মায়িদা, আয়াত: ২) এ আয়াত থেকে স্পষ্ট হয়, ভালো ও কল্যাণকর কাজে সহযোগিতা করা একজন মুমিনের ঈমানি দায়িত্ব। সমাজের কোনো মানুষের বিপদে এগিয়ে আসা, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো কিংবা জনসাধারণের উপকারে আসে এমন কাজে অংশ নেওয়া এই নির্দেশনারই বাস্তব প্রতিফলন।
মানুষের উপকার করার মর্যাদা সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সে ব্যক্তি, যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে।’ (আল-মুজামুল আওসাত, তাবারানি, হাদিস: ৬০২৬)। অর্থাৎ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করা আল্লাহর ভালোবাসা অর্জনের অন্যতম মাধ্যম। তাই একজন মুমিনের উচিত নিজের সামর্থ্য ও যোগ্যতা অনুযায়ী মানুষের উপকারে এগিয়ে আসা।
জনকল্যাণমূলক কাজের পরিধি অনেক বিস্তৃত। দরিদ্র ও অসহায় মানুষের জন্য খাদ্য, বস্ত্র ও চিকিৎসার ব্যবস্থা করা, এতিমদের শিক্ষা ও প্রতিপালনে সহযোগিতা করা, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা, শিক্ষাপ্রতিষ্ঠান ও চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠায় অংশ নেওয়া, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখা—সবই জনকল্যাণমূলক কাজের অন্তর্ভুক্ত। এমনকি রাস্তা থেকে মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে এমন কোনো বস্তু সরিয়ে দেওয়াও ইসলামের দৃষ্টিতে সওয়াবের কাজ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া সদকা।’ (বুখারি, হাদিস: ২৯৮৯)
জনকল্যাণমূলক কাজের জন্য সব সময় অর্থসম্পদের প্রয়োজন হয় না। অনেক সময় একটি সুন্দর পরামর্শ, বিপদগ্রস্ত ব্যক্তিকে সান্ত্বনা দেওয়া, অসুস্থ মানুষের খোঁজখবর নেওয়া কিংবা কাউকে তার প্রয়োজনীয় গন্তব্যে পৌঁছাতে সাহায্য করাও বড় নেকির কারণ হতে পারে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘প্রতিটি ভালো কাজই সদকা।’ (বুখারি, হাদিস: ৬০২১) এ শিক্ষা আমাদের বুঝিয়ে দেয়, কল্যাণকর কাজের সুযোগ সবার জন্য উন্মুক্ত। ধনী-গরিব, ছোট-বড়, নারী-পুরুষ প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে মানুষের উপকারে আসতে পারেন।
তবে জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে নিয়ত বিশুদ্ধ রাখা অত্যন্ত জরুরি। মানুষের প্রশংসা, সামাজিক মর্যাদা কিংবা ব্যক্তিগত স্বার্থ অর্জনের উদ্দেশ্যে নয়; বরং মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এসব কাজ করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলা হয়েছে, ‘তারা আল্লাহর ভালোবাসায় অভাবগ্রস্ত, এতিম ও বন্দিকে খাবার দান করে। আর বলে, আমরা তো কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদের খাবার দান করি; তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না।’ (সুরা আল-ইনসান, আয়াত: ৮-৯)।
বর্তমান সমাজে দারিদ্র্য, বেকারত্ব, অসুস্থতা, শিক্ষাবঞ্চনা ও নানা মানবিক সংকট মোকাবিলায় সম্মিলিত জনকল্যাণমূলক উদ্যোগের প্রয়োজন খুব বেশি। তাই প্রত্যেক মুমিনের উচিত নিজের সামর্থ্য অনুযায়ী এমন কাজে অংশ নেওয়া এবং অন্যদেরও উৎসাহিত করা। মনে রাখতে হবে, মানুষের জন্য করা কোনো কল্যাণকর কাজই মহান আল্লাহর কাছে মূল্যহীন নয়। আন্তরিকতা ও ইখলাসের সঙ্গে করা ছোট্ট একটি উদ্যোগও পরকালে মুক্তির উসিলা হতে পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার এবং এর মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জনের তাওফিক দান করুন। আমিন।
লেখক: আলেম ও সাংবাদিক



