পরনিন্দা মানুষের নেক আমল ধ্বংস করে

প্রতীকী ছবি
মানুষের জিহ্বা মহান আল্লাহর এক বিশেষ নেয়ামত। এই জিহ্বা দিয়ে মানুষ যেমন সত্য ও সুন্দর কথা বলে মানুষের হৃদয় জয় করতে পারে, তেমনি এই জিহ্বা ব্যবহার করে অসংযত কথাবার্তা অন্যের সম্মানহানি ও নিজের আমলও নষ্ট করতে পারে। মানুষের মধ্যে পরনিন্দা বা গিবত এমনই একটি ভয়াবহ বদঅভ্যাস, যা ব্যক্তি ও সামাজিক জীবনে অশান্তি সৃষ্টি করে। যদিও অনেকেই বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে দেখা যায় না। আড্ডা, গল্প কিংবা নিছক আনন্দের ছলে অন্যের দোষ-ত্রুটি আলোচনা করাকে স্বাভাবিক মনে করা হয়। ইসলামের দৃষ্টিতে এটি অত্যন্ত নিন্দনীয় কাজ এবং এর পরিণতি ভয়াবহ।
পরনিন্দা বা গিবত বলতে কারও অনুপস্থিতিতে তার এমন কোনো দোষ বা বৈশিষ্ট্য আলোচনা করাকে বোঝায়, যা শুনলে সে অসন্তুষ্ট হবে। বিষয়টি সত্য হলেও তা গিবত হিসেবে গণ্য হবে। আর যে দোষ তার মধ্যে নেই, তা তার নামে প্রচার করলে সেটি হবে মিথ্যা অপবাদ। এ বিষয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের উদ্দেশে প্রশ্ন করেছিলেন, ‘তোমরা কি জানো, গিবত কী?’ সাহাবিরা বললেন, আল্লাহ ও তাঁর রাসুলই ভালো জানেন। তিনি বললেন,
«ذِكْرُكَ أَخَاكَ بِمَا يَكْرَهُ»
‘তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা, যা সে অপছন্দ করে।’
তাঁকে প্রশ্ন করা হলো, আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে সত্যিই থাকে, তাহলে কী হবে? তিনি বললেন, ‘তুমি যা বলছ, তা যদি তার মধ্যে থাকে, তবে তুমি তার গিবত করলে। আর যদি তা তার মধ্যে না থাকে, তবে তুমি তার প্রতি মিথ্যা অপবাদ দিলে।’ (মুসলিম, হাদিস: ২৫৮৯)।
পবিত্র কোরআনে মহান আল্লাহ গিবতকে অত্যন্ত ঘৃণ্য কাজ হিসেবে উল্লেখ করেছেন। ইরশাদ হয়েছে, ‘তোমাদের কেউ যেন কারও পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? বস্তুত তোমরা তো এটিকে ঘৃণাই করো। আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারী, পরম দয়ালু।’ (সুরা হুজুরাত, আয়াত: ১২)। এখানে গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। এর মাধ্যমে মানুষের সম্মানহানির এই কাজটি কতোটা জঘন্য ও ভয়াবহ তা স্পষ্টভাবে প্রকাশ পায়।
পরনিন্দার সবচেয়ে ভয়াবহ দিক হলো, এটি মানুষের নেক আমলের প্রতিদান অন্যের হাতে তুলে দেওয়ার কারণ হতে পারে। রাসুলুল্লাহ (সা.) একদিন সাহাবিদের জিজ্ঞাসা করলেন, ‘তোমরা কি জানো, নিঃস্ব ব্যক্তি কে?’ সাহাবিরা বললেন, আমাদের মধ্যে যার কোনো দিরহাম বা সম্পদ নেই, সে-ই নিঃস্ব। তখন তিনি বললেন, ‘আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব সেই ব্যক্তি, যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাত নিয়ে উপস্থিত হবে। কিন্তু সে দুনিয়াতে কাউকে গালি দিয়েছে, কারও বিরুদ্ধে অপবাদ দিয়েছে, কারও সম্পদ আত্মসাৎ করেছে, কারও রক্তপাত ঘটিয়েছে কিংবা কাউকে প্রহার করেছে। ফলে তার নেক আমল থেকে এদের প্রত্যেককে কিছু কিছু দিয়ে দেওয়া হবে। পাওনাদারদের অধিকার পরিশোধের আগেই যদি তার নেক আমল শেষ হয়ে যায়, তাহলে তাদের গুনাহ তার ওপর চাপিয়ে দেওয়া হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।’ (মুসলিম, হাদিস: ২৫৮১)
এই হাদিস থেকে বোঝা যায়, মানুষের সঙ্গে অন্যায় আচরণ ও তাদের সম্মানহানি করার পরিণতি কতটা ভয়াবহ। একজন মানুষ নিয়মিত নামাজ আদায় করতে পারেন, রোজা রাখতে পারেন, দান-সদকা করতে পারেন; কিন্তু অন্যের গিবত ও সম্মানহানির কারণে কিয়ামতের দিন তার নেক আমল ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই শুধু ইবাদত করলেই হবে না, মানুষের অধিকার ও সম্মান রক্ষার প্রতিও যত্নবান হতে হবে।
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম পরনিন্দা ও অপবাদের বিস্তারের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। কারও ব্যক্তিগত বিষয়, দুর্বলতা কিংবা ভুলত্রুটি নিয়ে আলোচনা, বিদ্রূপাত্মক মন্তব্য এবং যাচাই না করে কারও বিরুদ্ধে অভিযোগ প্রচার করা অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। অথচ একজন মুমিনের দায়িত্ব হলো, অন্যের সম্মান রক্ষা করা এবং অনর্থক আলোচনা থেকে নিজেকে বিরত রাখা। কোথাও গিবতের আলোচনা শুরু হলে তাতে অংশ না নেওয়া, সম্ভব হলে আলোচনাটি বন্ধ করা এবং যার সম্পর্কে নিন্দা করা হচ্ছে, তার পক্ষে কথা বলা উচিত।
পরনিন্দার অভ্যাস থেকে মুক্ত থাকতে হলে নিজের জিহ্বাকে সংযত করতে হবে। অন্যের দোষ খোঁজার পরিবর্তে নিজের ভুল সংশোধনে মনোযোগী হতে হবে। কখনো গিবত করে ফেললে অনুতপ্ত হয়ে মহান আল্লাহর কাছে তওবা করতে হবে এবং যার সম্মানহানি করা হয়েছে, তার অধিকার কীভাবে যথাযথভাবে ফিরিয়ে দেওয়া যায়, সে বিষয়ে সতর্কতার সঙ্গে ব্যবস্থা নিতে হবে।
মহান আল্লাহ আমাদের সকলকে গিবতমুক্ত জীবনাচারের তাওফিক দান করুন। আমীন।
লেখক: আলেম ও সাংবাদিক



