মওলানা ভাসানী ক্ষমতার রাজনীতি করেননি : সমমনা জোট

সংগৃহীত ছবি
জাতীয়তাবাদী সমমনা জোটের নেতারা বলেছেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন একজন আপসহীন নেতা। তিনি ক্ষমতার রাজনীতি করেননি, বরং ক্ষমতাকে জনগণের কাছাকাছি নিয়ে আসার জন্য লড়াই করেছেন। তিনি ছিলেন ফ্যাসিবাদ ও ভারতীয় আগ্রাসনবিরোধী নেতার এক মূর্ত প্রতীক।
আজ মঙ্গলবার িবকালে রাজধানীর মতিঝিলে জাতীয়তাবাদী সমমনা জোট আহ্বায়কের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তারা এসব কথা বলেন। মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে এবং জোটভুক্ত জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জাতীয় পার্টির (কাজী জাফর) কো-চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকন, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও মহাসচিব আব্দুল বারিক, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান সাইফুল আলম ও মহাসচিব মীর আমীর হোসেন আমু, সাম্যবাদী দলের পলিট ব্যুরোর সদস্য সুরাইফুল ইসলাম মাহফুজ, সাইফ মাহমুদ জুয়েল, বাংলাদেশ ন্যাপের যুগ্ম মহাসচিব সৈয়দ নুর নবী ইসলাম নান্টু প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সুরক্ষায় মওলানা ভাসানী যুগ যুগ ধরে আমাদের প্রেরণা জোগাবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। তার আদর্শে উজ্জীবিত হয়ে জাতির কল্যাণে নিবেদিত হওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।




