জাতীয় নারীশক্তির নেতৃত্বে এনসিপির দুই নারী এমপি

ডা. মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শীর্ষ দুই পদ পেয়েছেন দলটির সংরক্ষিত নারী আসনের দুই এমপি ডা. মাহমুদা আলম মিতু এবং নুসরাত তাবাসসুম।
আজ রবিবার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন অনুমোদন দিয়েছেন এই কমিটির।
এনসিপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করে নতুন (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
জাতীয় নারীশক্তির আহ্বায়ক হয়েছেন মাহমুদা মিতু, সদস্য সচিব নুসরাত এবং মুখ্য সংগঠক হয়েছেন অ্যাডভোকেট মনজিলা ঝুমা।
মাহমুদা মিতু এবং নুসরাত এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদেরও সদস্য হিসেবে আছেন।
আর নারীশক্তির সাবেক কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করা মনিরা শারমিনকে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।



